Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৮, ২০২৩

বড় রান তুলেও প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বড় রান তুলেও প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় মহিলা দলের

কদিন আগেই লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কাউরদের লক্ষ্য ছিল সাদা বলের ক্রিকেটেও চাকা ঘোরানো। একদিনের সিরিজের প্রথম ম্যাচে অবশ্য লক্ষপূরণ হল না। ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও শেষরক্ষা হল না ভারতের।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই আউট হন শেফালি ভার্মা (‌১)‌। ভাল শুরু করেও বাংলার রিচা ঘোষ (‌২০ বলে ২১)‌ বড় রান পাননি। অধিনায়ক হরমনপ্রীত কাউরও (‌৯)‌ ব্যর্থ। ৫৭ রানে ৩ উইকেট হারায় ভারত। যস্তিকা ভাটিয়া ও জেমাইমা রডরিগেজ দলকে কিছুটা এগিয়ে দেন। ৬৪ বলে ৪৯ রান করে আউট হন যস্তিকা। দীপ্তি শর্মা (‌২১)‌, আমনজ্যোত কাউররা (‌২০) বড় রান পাননি।

ভারতকে বড় রানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব জেমাইমা রডরিগেজ ও পূজা বস্ত্রকারের। ৭৭ বলে ৮২ রান করে আউট হন জেমাইমা। ৪৬ বলে অপরাজিত ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ২৮২/‌৮ রানে পৌঁছে দেন পূজা বস্ত্রকার। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও ওয়ারহ্যাম।

জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্য খুব একটা সহজ ছিল না অস্ট্রেলিয়ার কাছে। তার ওপর তৃতীয়ও বলেই রেণুকা সিংয়ের বলে আউট হন অধিনায়ক অ্যালিসা হিলি (‌০)‌। তবে ভারতীয় বোলারদের আর সুযোগ দেননি ফোবে লিচফিল্ড ও এলিসে পেরি। দুজনের জুটিচে ওঠে ১৪৮ রান। এই জুটিই অস্ট্রেলিয়া জয়ের ভিত গড়ে দেয়। ৭২ বলে ৭৫ রান করে আউট হন এলিসে পেরি। তাঁকে তুলে নেন দীপ্তি শর্মা। লিচফিল্ডকে (‌৮৯ বলে ৭৮)‌ ফেরান স্নেহ রানা। ৪৭ বলে ৪২ রান করে আউট হন বেথ মুনি। অস্ট্রেলিয়াকে জয় এনে দেন তাহলিয়া ম্যাকগ্রাথ (‌৫৫ বলে অপরাজিত ৬৮)‌। ৪৬.‌৩ ওভারে ২৮৫/‌৪ তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!