- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৮, ২০২৩
২২ গজের বাইরেও রিঙ্কুর দৃষ্টান্ত । দুস্থ শিক্ষার্থীদের জন্য গড়ে তুলছেন হোস্টেল
একসময় ক্রিকেট সরঞ্জাম কেনার সামর্থ ছিল না কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের। ক্রিকেট খেলার জন্য তাঁকে সেলাই কারখানাতে কাজ করতে হয়েছিল, বাড়ি বাড়ি গ্যাস সরবরাহও করতে হয়েছে। আইপিএলই বদলে দিয়েছে উত্তরপ্রদেশের এই ব্যাটারের জীবন। হাতে অর্থ এসেছে। খুব বেশি না হলেও স্বাচ্ছন্দে জীবন চলার মতোই। আর এর মধ্যেই মহানুভবতার পরিচয় দিয়েছেন রিঙ্কু। আর্থিকভাবে দুর্বল ক্রিকেটারদের জন্য হোস্টেল তৈরি করছেন কলকাতা নাইট রাইডার্সের এই বাঁহাতি ব্যাটার।
উত্তরপ্রদেশের আলিগড় স্টেডিয়ামের কাছেই বাড়ি রিঙ্কু সিংয়ের। নিজের চোখের সামনে দেখেছেন আর্থিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেটারদের দুরাবস্থার ছবি। অনেক দূর–দূরান্ত থেকে ক্রিকেটাররা আলিগড় স্টেডিয়ামে প্র্যাকটিস করতে আসেন। আবার প্র্যাকটিস শেষে বাড়িতে ফিরে যেতে হয়। যাতায়াতেই অনেকটা সময় কেটে যায়। তার ওপর রয়েছে খাওয়াদাওয়া ও থাকার সমস্যা। ক্রিকেটারদের এই দুরবস্থার রিঙ্কু সিংয়ের মনে গভীরভাবে রেখাপাত করেছিল।
অনেক তরুণ ক্রিকেটারের চোখে স্বপ্ন বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু তাদের আর্থিক সংস্থান নেই। রিঙ্কু পরিকল্পনা করেছিলেন এই ক্রিকেটারদের স্বপ্ন পূরণের জন্য একটা হোস্টেল তৈরি করবেন। আগে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য রিঙ্কুর আর্থিক সামর্থ্য ছিল না। আইপিএল খেলে এখন তিনি আর্থিকভাবে শক্তিশালী। তাই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য এগিয়ে এসেছেন।
রিঙ্কু সিংয়ের হোস্টেল তৈরির কথা জানিয়েছেন তাঁর শৈশবের কোচ মাসুদুজ জাফর আমিনি। তিনি বলেন,‘রিঙ্কু সব সময় তরুণ ক্রিকেটারদের জন্য একটা হোস্টেল তৈরি করতে চেয়েছিল। যেসব ক্রিকেটারদের স্বপ্ন পূরণের জন্য আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য। রিঙ্কু এখন আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী। তাই তার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।’
মাস তিনেক আগে হোস্টেল তৈরি কাজ শুরু করেছেন রিঙ্কু। এই হোস্টেলে ১৪ টি ঘর থাকছে। প্রতিটা ঘরে চারজন করে শিক্ষার্থী থাকতে পারবেন। হোস্টেলে একটা শেড এবং একটা প্যাভিলিয়নও তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা রুমে আলাদা টয়লেট রয়েছে। এছাড়া হোস্টেলে ক্যান্টিনও তৈরি করা হবে। যে ক্যান্টিনে ক্রিকেটাররা স্বল্পমূল্যে খেতে পারবে। হোস্টেল তৈরি করতে ৫০ লাখ টাকা খরচ হবে। পুরো খরচটাই বহন করছেন রিঙ্কু সিং।
হোস্টেল দেখাশোনার দায়িত্ব থাকবেন রিঙ্কু সিংয়ের বড় ভাই সোনু সিং। ভাইয়ের স্বপ্ন অবশেষে সত্যি হচ্ছে এটা ভেবেই খুশি তিনি। সোনু বলেন, ‘আমরা একসময় একসাথে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতাম। কিন্তু সব সময় আমি চেয়েছিলাম রিঙ্কু ক্রিকেটে মনোনিবেশ করুক। আমরা যে ত্যাগ স্বীকার করেছি তার ফল পেয়েছি। রিঙ্কু শুধু আমাদের দারিদ্রতা থেকে বার করে নিয়ে আসেনি। দরিদ্র ক্রিকেটারদের জন্য হোস্টেল তৈরি করার সিদ্ধান্তও নিয়েছে।’ এবছর আইপিএল খেলতে আসার আগে হোস্টেলের কাজ অগ্রগতি দেখে এসেছেন রিঙ্কু সিং।
❤ Support Us







