Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৬, ২০২৫

টি-শার্টে উসকানি, ভাইরাল ছবি । স্ট্যান্ড-আপ কমিডিয়ান কুণাল কর্মে চটলো গেরুয়া শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
টি-শার্টে উসকানি, ভাইরাল ছবি । স্ট্যান্ড-আপ কমিডিয়ান কুণাল কর্মে চটলো গেরুয়া শিবির

স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা ফের বিতর্কের কেন্দ্রে। সামাজিক মাধ্যমে তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন। সোমবার কামরা নিজের এক ছবি প্রকাশ্যে আনেন, যেখানে একটি কুকুরের ছবি ও আরএসএস-সংক্রান্ত ইঙ্গিত জড়ানো একটি টি-শার্ট পরে তাঁকে দেখা যায়। মুহূর্তে ছবি ভাইরাল হয়ে যায়। আর এরপরই গেরুয়া শিবিরের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, এই পোস্ট উদ্দেশ্যপ্রণোদিত, উসকানিমূলক এবং আরএসএস-কে অপমান করার প্রচেষ্টা।

মহারাষ্ট্রের মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এ ধরনের কুরুচিকর পোস্ট কোনোমতেই মেনে নেওয়া হবে না। সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য বা ছবি ছড়ালে পুলিশ যে উপযুক্ত ব্যবস্থা নেবে, তা নিয়ে কারও কোনো ভুল ধারণা থাকা উচিত নয়।’ কুণালের পোস্ট যে রাজনৈতিকভাবে উত্তেজনা তৈরির চেষ্টা, সে অভিযোগও তোলেন তিনি। বাওয়ানকুলের সতর্কবার্তার সঙ্গেই সুর মিলিয়ে তোপ দাগেন শিবসেনা (শিন্ডে গোষ্ঠী)-র মন্ত্রী সঞ্জয় শিরসাট। তিনি মনে করিয়ে দেন, কুণাল কামরার সঙ্গে বিতর্ক জুড়ে থাকার বিষয়টি নতুন বিষয় নয়। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কেন্দ্র করে একাধিক মন্তব্য করেছিলেন তিনি, যেগুলো শিরসাটের ভাষায় ‘বিদ্রূপের আড়ালে কটাক্ষ’ ছাড়া আর কিছুই বলা যায় না। এ বার, কমেডিয়ান সরাসরি আরএসএস-কে লক্ষ্য করে আক্রমণ করেছেন। শিরসাট স্পষ্টই জানান, এমন পরিস্থিতিতে বিজেপি ও তাদের সহযোগী দলগুলির তরফে যথাযথ প্রতিক্রিয়া দেওয়া হবে।

নয়া বিতর্কের সঙ্গে পুরনো ঘটনারও যোগ টেনে দেখা হচ্ছে। চলতি বছরের মার্চে নিজের এক শো-তে জনপ্রিয় বলিউড গানের কথা বদলে শিন্ডেকে ব্যঙ্গ করেছিলেন কামরা। তার পরপরই ক্ষুব্ধ শিবসেনা কর্মীরা মুম্বইয়ের খারের হ্যাবিট্যাট কমেডি ক্লাবে হামলা চালায়। ওই ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। কমেডি ও রাজনীতির সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এ বার আবার আরএসএসকে নিয়ে সরাসরি কুরুচীকর উপহাসের অভিযোগ। তবে কুণাল কামরা অবশ্য নিজের অবস্থানে অনড়। নতুন পোস্ট ঘিরে বিতর্ক শুরু হতেই তিনি লিখেছেন, ছবিটি কোনো কমেডি ক্লাবের ভিতরে তোলা নয় এবং এর সাথে তাঁর শো-এর বিতর্ক যুক্ত করাটা ইচ্ছাকৃত অপচেষ্টা। যদিও তাঁর এই ব্যাখ্যায় রাজনৈতিক মহলে সৃষ্ট ক্ষোভ যে এতটুকু কমেনি, তা পরিষ্কার। বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে এই পোস্টকে ‘অপমানজনক’, ‘উসকানিমূলক’ এবং ‘বিশেষ মতাদর্শকে বিদ্রূপ করার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন।

কুণাল কামরার বক্তব্য, ব্যঙ্গ ও কৌতুক তাঁর কাজের অঙ্গ। কিন্তু রাজনৈতিক দলগুলি মনে করছে, তাঁর মন্তব্যগুলি ইদানীং সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরএসএস নিয়ে সম্প্রতি করা ইঙ্গিত, সেটি আদৌ ব্যঙ্গ, নাকি রাজনৈতিক বিদ্বেষ, তা নিয়ে এখনই নতুন করে উত্তাল মহারাষ্ট্র সহ দেশের বহু প্রান্তের রাজনৈতিক আঙিনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!