- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৩, ২০২৫
দাবির কাছে নতিস্বীকার মহারাষ্ট্র সরকারের, অনশন ভাঙলেন ‘মারাঠা কোটা’ আন্দোলনের নেতা জারাঙ্গে
টানা ৫ দিন পর অনশন প্রত্যাহার করে নিলেন ‘মারাঠা কোটা’ আন্দোলন নেতা মনোজ জারাঙ্গে পাটিল। সরকার তাঁর দাবি মেনে নেওয়ায় অনশন মঞ্চে মহারাষ্ট্রের জলসম্পদ দফতরের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিলের হাতে জল খেয়ে অনশন ভাঙেন মনোজ। সরকার চুক্তিতে পৌঁছনোয় বিক্ষোভরত আন্দোলনকারীদের জন্য এটা জয় বলে অভিহিত করেছেন তিনি।
মারাঠওয়াড়া এবং পশ্চিম মহারাষ্ট্র অঞ্চলের মারাঠাদের জন্য চাকরি এবং শিক্ষায় সংরক্ষণের দাবিতে মুম্বইয়ের আজাদ ময়দানে অনশন ধর্মঘট করেছিলেন মনোজ জারাঙ্গে পাটিল। ২৯ আগস্ট জারাঙ্গে এবং প্রায় ৪০০০ বিক্ষোভকারী আজাদ ময়দানে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীদের দাবি ছিল, ওবিসি বিভাগের অধীনে সরকারি চাকরি এবং শিক্ষায় মারাঠা সম্প্রদায়ের জন্য ১০% কোটা দিতে হবে।
মারাঠওয়াড়া অঞ্চল আগে হায়দরাবাদ রাজ্যের অংশ ছিল। পূর্বতন নিজাম–যুগের সরকার কর্তৃক জারি করা হায়দরাবাদ গেজেটে মারাঠা সম্প্রদায়ের অনেককে কুনবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং তাদের শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ দেওয়া হয়েছিল। মহারাষ্ট্রের জনসংখ্যার ৩০% এরও বেশি মারাঠা সম্প্রদায় রাজ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করে। হায়দরাবাদ গেজেট বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করেন জারাঙ্গে। আজাদ ময়দানে অনশন ধর্মঘট শুরু করেন। যার ফলে দক্ষিণ মুম্বইয়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় বোম্বে হাইকোর্টের তীব্র সমালোচনার মুখে পড়েন জারাঙ্গে। প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি আরতি সাথের বেঞ্চ মঙ্গলবার জারাঙ্গের আইনজীবীকে বলে, বিকেল ৩টের মধ্যে রাস্তায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা না হলে তাহলে বিচারকরা রাস্তায় নেমে আসবেন। আদালত কোটা আন্দোলনকারী নেতাকে আজাদ ময়দান খালি করার নির্দেশ দেয়। যদি নির্দেশ না মানা হয়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ারও হুমকি দেয় বেঞ্চ।
আজাদ ময়দানে বিক্ষোভস্থলে জারাঙ্গের সঙ্গে মহারাষ্ট্র মন্ত্রীসভার উপ–কমিটি দেখা করে। মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিল, মানিকরাও কোকাটে, শিবেন্দ্র রাজে ভোঁসলেসহ অন্যান্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠক ছিল রাজ্য সরকার এবং কোটা আন্দোলনের নেতার প্রথম সরাসরি আলোচনা। রাধাকৃষ্ণ জারাঙ্গেকে জানান, সরকার তাদের দাবি মেনে নিচ্ছে। কমিটি জারঙ্গেকে আরও জানায়, কুনবি এবং মারাঠাদের একই সম্প্রদায় বলে উল্লেখ করে একটা জিআর জারি করার জন্য আইনি বিকল্পগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে দু’মাস সময় লাগতে পারে।
মন্ত্রীসভার উপ–কমিটির সঙ্গে বৈঠকের পর জারাঙ্গে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘মারাঠা সংরক্ষণের দাবি পূরণের জন্য মন্ত্রিসভার উপ–কমিটি হায়দরাবাদ গেজেট বাস্তবায়নে সম্মত হয়েছে। আমরা তোমাদের শক্তি দিয়ে জিতেছি। আজ আমি দরিদ্রদের শক্তি বুঝতে পেরেছি।’ জারাঙ্গে আরও বলেন, সরকার সেপ্টেম্বরের শেষের দিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। বিক্ষোভের সময় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মীয়দের এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বৈঠকের পর মন্ত্রিসভা উপ–কমিটির সদস্যদের উপস্থিতিতে জারাঙ্গে রাধাকৃষ্ণ ভিখেপাটিলের হাতে জল খেয়ে অনশন ভঙ্গ করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মারাঠা সংরক্ষণ অনশনের অবসানে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে, ‘বিক্ষোভকারীদের মূল দাবি নীতিগতভাবে গৃহীত হয়েছে, তবে সংরক্ষণ ব্যক্তিদের জন্য, গোষ্ঠীদের জন্য নয়। এই হায়দ্রাবাদ গেজেটিয়ার প্রমাণ হিসেবে কাজে লাগবে। কারণ যদি তাদের দাদা বা প্রপিতামহের নাম হায়দরাবাদ গেজেটে এই কুলভি জাতের থাকে, তাহলে তারা এর সুবিধা পাবে এবং নিয়ম অনুসারে, তারা এর সার্টিফিকেট পাবে।’
❤ Support Us





