- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৯, ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপ নক আউটে মেক্সিকো
গ্রুপ লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল দুই দলই। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া হারিয়েছিল চেক প্রজাতন্ত্রকে। বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ ড্র হওয়ায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার সামনে সুযোগ ছিল শুক্রবারই নক আউটের ছাড়পত্র জোগাড় করে নেওয়া। দক্ষিণ কোরিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নক আউটে পৌঁছে গেল বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো।
গুয়াদালাজারায় মেক্সিকো এই প্রথমবার বিশ্বকাপের কোনও ম্যাচ খেলতে নেমেছিল। ঘরের মাঠে দেশ বিশ্বকাপ খেলছে, অথচ গ্যালারির অনেক আসনই ছিল ফাঁকা। গ্যালারির সঙ্গে মেক্সিকোর ফুটবলই ছিল মানানসই। গোটা ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে গেল দক্ষিণ কোরিয়া। শুধুমাত্র গোলটাই পেল না। বরং নিজেদের ভুলে জয় উপহার দিয়ে গেল মেক্সিকোকে।
যদিও ম্যাচটা কখনোই তেমন উচ্চমানে পৌঁছয়নি। নিজেদের প্রথম ম্যাচের মতো তাগিদ ছিল না মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার। আসলে দুই দলই চায়নি অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে জয়ের লক্ষ্যে নেমে পয়েন্ট খোয়াতে। ৩ পয়েন্ট করে ঝুলিতে থাকায় দুই দলই চেয়েছিল ১ পয়েন্ট তুলে নিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা পরিস্কার করতে। তাই ঝুঁকির রাস্তায় হাঁটেনি। তবে প্রথমার্ধে কোরিয়ার গতিময় ফুটবলের কাছে কিছুটা হলেও বেদম হয়ে পড়েছিলেন মেক্সিকোর আলভারডো, জিমেনেজ, গুতিরেজরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল কোরিয়া। কিন্তু কাজে লাগাতে পারেনি।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৫০ মিনিটের মাথায়। গোলটা মেক্সিকোকে দক্ষিণ কোরিয়ার দেওয়া উপহার। কোরিয়ান গোলরক্ষক কিম সুং–গিউ নিজেদের বক্সে উড়ে আসা একটা সেন্টার ধরতে গোল ছেড়ে বেরিয়ে আসেন। সতীর্থ লি কি–হিউকের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান কিম। বলটা তাঁর হাত থেকে ছিটকে বেরিয়ে যায়। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো লুইস রোমো। দুরন্ত ভলিতে গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি। প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি রোমো। এদিন সুযোগ পেয়েই গোল করে দলকে নখ আউটে তুলে নিয়ে গেলেন।
পিছিয়ে পড়ে আরো মরিয়া হয়ে ওঠে কোরিয়া। বেস কয়েকবার হানা দেয় মেক্সিকো রক্ষণে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরানো জায়গায় পৌঁছে গিয়েছিল। গোলকিপার রাউল রাঙ্গেলের অসাধারণ ডাবল সেভ মেক্সিকোকে বাঁচিয়ে দেয়। প্রথমে ঝাঁপিয়ে পড়ে গোল লাইন থেকে চো গে–সুংয়ের হেডা আটকে দেন। এরপর ফিরতি বলে শট নিয়েছিলেন ইয়াং হিউন–জুন। সেটাও গোললাইন থেকে বাঁচান।
১–০ ব্যবধানে জিতে পরের রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। প্রথম ম্যাচে চেকিয়াকে হারালেও মেক্সিকোর কাছে হেরে গেল কোরিয়া। তবে এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২–এ যাওয়ার সুযোগ রয়েছে তাদের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে, আর পাশাপাশি মেক্সিকোকে হারতে হবে চেকিয়ার কাছে।
❤ Support Us








