- এই মুহূর্তে
- জুন ২৪, ২০২২
গুজরাত দাঙ্গায় মোদিকে সুপ্রিম ক্লিনচিট। খারিজ মামলাও ।
২০০২ সালের গুজরাত দাঙ্গা সংক্রান্ত মামলায় তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। সংশ্লিষ্ট মামলাটিও আজ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
২০০২ সালের গুজরাত দাঙ্গায় খুন হয়েছিলেন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। তাঁর স্ত্রী জাইকা জাফরি ২০১২ সালে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে আর্জি জানিয়েছিলেন, নতুন করে তদন্ত হোক। পিটিশনে তিনি বলেছিলেন, গুজরাত দাঙ্গায় সরাসরি পুলিশ ও রাজনৈতিক দলের যোগ ছিল। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নরেন্দ্র মোদির বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন এহসান জাফরির স্ত্রী। ওই আর্জির ভিত্তিতে ২০১২ সালে সুপ্রিম কোর্ট একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিল। তাদের রিপোর্টের ভিত্তিতেই গুজরাত দাঙ্গায় মোদিকে ক্লিনচিট দিল আদালত । সেইসঙ্গে মামলাটিও খারিজ করে দিয়েছে ।
আমদাবাদের গুলবার্গ সোস্যাইটি হলে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি ৬৯ জনের মৃত্যু হয়েছিল। সেখানে ছিলেন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। ওই মামলায় আগেই মোদি সহ ৬৮ জনকে ক্লিনচিট দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে আবার মামলা দায়ের হয়েছিল। বলা হয়েছিল, বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি নিয়ে পৃথক ভাবে তদন্ত হয়নি। গত বছর শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। এদিন রায় ঘোষণা করে শীর্ষ আদালত।
❤ Support Us





