- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩১, ২০২৫
ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানকে সিরিজ উপহার দিল বাংলাদেশ
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। অথচ উন্নতির কোনও লক্ষণ নেই বাংলাদেশের। অন্যান্য বেশ কয়েকটা দেশ তাদের পরেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করে এগিয়ে গেছে। মাঝে মাঝে চমক দেখালেও বাংলাদেশ সেই তিমিরেই রয়েছে। কিছুদিন আগেই সংযুক্ত আরব আমীরশাহীর কাছে সিরিজ হেরেছিল। এবার পাকিস্তানের কাছেও টি২০ সিরিজে হার। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে দ্বিতীয় টি২০ ম্যাচে বাংলাদেশের পরাজয় ৫৭ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে এদিনও ওপেনিং জুটিতে বড় রান পায়নি পাকিস্তান। দ্বিতীয় ওভারেই ফিরে যান সাইম আয়ুব (৪ বলে ৪)। ফখর জামানের পরিবর্তে সাহিবজাদা ফারহান প্রথম একাদশে এসেই সুযোগটা দারুণভাবে কাজে লাগান। তিনি ও মহম্মদ হারিস পাকিস্তানের বড় রানের ভিত গড়ে দেন। দুজনের জুটিতে ওঠে ১০২। দুবার জীবন পেয়ে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন সাহিবজাদা। মহম্মদ হারিস ২৫ বলে করেন ৫১। শেষ দিকে হাসান নওয়াজের ২৬ বলে ৫১ রানের ইনিংস পাকিস্তানকে ৬ উইকেটে ২০১ রানে পৌঁছে দেয়। ১২ বলে ১৯ রান করেন সলমান আগা।
জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও ভাল শুরু করেছিল। সলমান আগা আর হাসান আলির প্রথম ২ ওভার থেকেই দুই ওপেনার তোলে ৩২ রান। যার মধ্যে ২৯ রানই করেন তানজিদ হাসান। ৩.৪ ওভারে ওপেনিং জুটিতে তোলে ৪৪। চতুর্থ ওভারে পারভেজ হোসেন হারিস রউফকে তুলে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন। পারভেজ হোসেন (৮) আউট হওয়ার পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। সেখান থেকেই বিপর্যয়ের শুরু। পঞ্চম ওভারে ফাহিম আশরাফের বলে তানজিদ (১৯ বলে ৩১) আর ষষ্ঠ ওভারে হাসানের বলে আউট হন লিটন (৬)। ১৮ বলের মধ্যে ১২ রানে ৫ উইকেট হারায়। আর ৩৬ বলের মধ্যে ৩৩ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৭ রানে ৭ উইকেট পড়ার পর মেহেদি হাসান মিরাজ (১৭ বলে ২৩) ও তানজিম হাসান (৩১ বলে ৫০) বাংলাদেশকে দেড়শ’র কাছাকাছি পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৪৪ রান তোলে বাংলাদেশ। ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন আবরার আমেদ।
❤ Support Us








