Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৩০, ২০২৬

লং জাম্পে টানা দ্বিতীয়বার রুপো জিতে ইতিহাস শ্রীশঙ্করের, সোনা প্যারা–অ্যাথলিট দিলীপ মহাদু গাভিটের

আরম্ভ ওয়েব ডেস্ক
লং জাম্পে টানা দ্বিতীয়বার রুপো জিতে ইতিহাস শ্রীশঙ্করের, সোনা প্যারা–অ্যাথলিট দিলীপ মহাদু গাভিটের

কমনওয়েলথ গেমসের সপ্তম দিনটা ভারতের কাছে নিশ্চিতভাবেই স্মরণীয় হয়ে থাকবে। একদিকে যেমন একের পর এক পদক নিশ্চিত করেছেন বক্সাররা, তেমনই অন্যদিকে, সোনা এসেছে প্যারা অ্যাথলিট দিলীপ মহাদু গাভিটের হাত ধরে। মাত্র ৬ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয়েছে মুরলী শ্রীশঙ্করের। তবে পরপর দুটি কমনওয়েলথ গেমসে রুপো জিতে ইতিহাস গড়েছেন এই ভারতীয় লং জাম্পার। প্রথম ভারতীয় লং জাম্পার হিসেবে পরপর দুটি কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন শ্রীশঙ্কর।

প্যারা-অ্যাথলেটিক্সের টি৪৭ ক্যাটাগরির ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন ২৩ বছর বয়সী দিলীপ মহাদু গাভিট। ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েছেন তিনি। এই বিভাগে রুপো জিতেছেন ভারতের মোহাম্মদ বাসিল। ইংল্যান্ডের কেভিন স্যান্টোসকে শ্বাসরুদ্ধকর ফটো ফিনিশে পেছনে ফেলে দ্বিতীয় হন তিনি। স্প্রিন্টে একই সঙ্গে দুজন ভারতীয়র পদক পাওয়া বিরল ঘটনা।

মহারাষ্ট্রের নাসিক জেলার বাসিন্দা দিলীপ মহাদু ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়েছিলেন। এরপর তাঁর একটা হাত কেটে বাদ দিতে হয়। ছোট থেকেই তিনি এক হাতেই সবকিছু সামলাচ্ছেন। অ্যাথলেটিক্সই তাঁর কাছে গুরুত্বপূর্ণ অবলম্বন। ২০১৯ সালে খেলো ইন্ডিয়া গেমসে মহারাষ্ট্র দলে ছিলেন দিলীপ মহাদু। সবচেয়ে বড় সাফল্য ২০২৩ সালের হাংঝৌ প্যারা–এশিয়ান গেমসে। টি৪৭ ক্যাটাগরির ৪০০ মিটার দৌড়ে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। পরে ৪০০ মিটার থেকে সরে এসে ১০০ মিটার বেছে নেন। এই বিভাগে কমনওয়েলথ গেমসে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।

অ্যাথলেটিক্সে ভারতের অন্যতম সেরা ভরসা মুরলী শ্রীশঙ্কর পুরুষদের লং জাম্পে রুপো জিতেছেন। ফাইনালে ৮.০৯ মিটার লাফিয়ে রুপো জিতে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। কমনওয়েলথ গেমসে লং জাম্পে এটা তাঁর টানা দ্বিতীয় রুপো। মাত্র ৬ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করেন শ্রীশঙ্কর। প্রথম প্রচেষ্টায় ৮.০২ মিটার লাফান তিনি। সেই সময় দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীশঙ্কর। অন্য দুজন জাম্পার ৮.০৮ মিটার লাফিয়ে প্রথম স্থানে ছিলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ৮.০৯ মিটার লাফান শ্রীশঙ্কর। কিন্তু তাঁর পরের দুটি প্রয়াস ফাউল হয়। জামাইকার তেজায় গেইল,  ৮.১৫ মিটার লাফিয়ে প্রথম স্থান ছিনিয়ে নেন। পরের দুটি প্রয়াসে গেইলকে ছাড়িয়ে যেতে পারেননি শ্রীশঙ্কর। দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। প্রথম ভারতীয় লং জাম্পার হিসেবে কমনওয়েলথ গেমসে দুবার পদক পেলেন শ্রীশঙ্কর। ২০২২ সালে বার্মিংহামেও রুপো জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি রুপো জেতেন। বার্মিংহামে ৮.‌০৮ মিটার লাফিয়ে ছিলেন শ্রীশঙ্কর।

অন্যদিকে, ভারতের পদকের ঝুলি ভরিয়ে দিচ্ছেন বক্সাররা। আগেই লভলিনা বরগোহাইন (৭৫ কেজি), প্রিয়া ঘংঘাস (৬০ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি) এবং জাদুমণি সিং (৫৫ কেজি) পদক নিশ্চিত করেছিলেন। বুধবার পদক নিশ্চিত করেছেন আরও ৬ বক্সার। মহিলাদের ৫১ কেজি বিভাগে সাক্ষী চৌধুরি, ৭০ কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরি, ৫২ কেজি বিভাগে জেসমিন ল্যাম্বোরিয়া, পুরুষদের ৬০ কেজি বিভাগে শচীন শিবাচ, ৮০ কেজি বিভাগে অঙ্কুশ যাদব, ৯০ কেজির বেশি বিভাগে নরেন্দ্র পাল সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!