Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৪, ২০২৬

মোদির কোচবিহার সভা ঘিরে জল্পনা: অনন্ত মহারাজকে ‘মানভাঙাতে’ কেন্দ্রীয় নেতাদের তৎপরতা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদির কোচবিহার সভা ঘিরে জল্পনা: অনন্ত মহারাজকে ‘মানভাঙাতে’ কেন্দ্রীয় নেতাদের তৎপরতা ?

ভোটের মুখে কোচবিহারের রাজনৈতিক সমীকরণে ফের কেন্দ্রে উঠে এলেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ । রবিবার বিজেপি প্রার্থীর সমর্থনে কোচবিহারে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই সভায় অনন্ত মহারাজ উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে তুঙ্গে জল্পনা ।

শুক্রবার রাতে অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছন দুই কেন্দ্রীয় মন্ত্রী—গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভূপেন্দ্র যাদব। তাঁদের এই বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—ভোটের অঙ্ক মাথায় রেখে কি ‘বিদ্রোহী’ এই নেতাকে দলে ফের সক্রিয় করতে উদ্যোগী হয়েছে বিজেপি নেতৃত্ব ?

যদিও বৈঠক নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেননি । অনন্ত মহারাজ বা দুই কেন্দ্রীয় মন্ত্রীর কেউই আলোচনার বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে চাননি। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে ।

কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন বলেই তাঁদের আশা । তবে বাস্তবে কী হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বারবার অনন্ত মহারাজের ‘বিদ্রোহী’ অবস্থান অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে । এসআইআর ইস্যুতে তাঁর মন্তব্য দলকে বেকায়দায় ফেলেছিল । পাশাপাশি, বিজেপির সঙ্গে মতবিরোধের মাঝেই তিনি কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান গ্রহণ করেন, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

এদিকে, অনন্ত মহারাজের বিরোধী শিবির হিসেবে পরিচিত বংশীবদন বর্মন-এর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়ায় ক্ষুব্ধ হয়েছেন অনন্ত । তিনি নিজের অবস্থানও স্পষ্টভাবে দলের কাছে তুলে ধরেছেন ।

এই জটিল পরিস্থিতিতে একদিকে বংশীবদন বর্মনকে ধরে রাখা, অন্যদিকে অনন্ত মহারাজের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা—এই দুই লক্ষ্য নিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব এগোতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

এখন দেখার, সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মোদির সভার মঞ্চে অনন্ত মহারাজকে দেখা যায় কি না ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!