Advertisement
  • ক | বি | তা
  • জুন ১২, ২০২২

গর্জন

অয়ন চৌধুরী
গর্জন

অলঙ্করণ: দেব সরকার

প্রতিটি গোপন ভিজে গেছে আজ
আজ ভিজে গেছে মুমুর্ষু সব বোধাগ্নি
বাড়িটাড়ি মিথ্যে প্রতিশ্রুতি, আকাশের চেয়ে বড় ছাদ নেই আর
তাঁর গায়ে নকশা, তার গায়ে খেদের ফুটো
তুমি তাঁর ক্ষতস্থান মুছে নাও
নির্বাপিত আলোর শেষে মেঘ খুব ভারী হয়ে এলে
অক্ষরেখার পাশে নেচে ওঠে রুদ্র
ঘুম ছুঁয়ে তুমি পড়ে আছ ভাঙা কাহি ঘরে
ছাউনিতে রেখেছ স্বর্ণাভফল, বীজধান ও মৃদু মেঘের বিশ্বাস
এমন অনন্ত লক্ষ্মীর গৃহ তছনছ হল সে রাতে
আলপনা মুছে গড়িয়ে গেল রক্ত
গাছ দৃঢ় হল। আরও দৃঢ় তবু কোনো একপাপে সে শব্দ শুনতে পায়নি
কেবলে গাছ গর্জে ওঠেনি কোনোদিন ?

এ পৃথিবী সেদিন দেখেছিল গর্জনের নৈঃশব্দ্য
কী বিপুল, কী অতল, কী সাংঘাতিক হয়ে উঠতে পারে!

 


কবি পরিচিতি: জন্ম ১৯৯৩। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে এনআইটি রৌরকেলায় গবেষণারত। প্রথম কবিতা প্রকাশ ২০১০ সালে। পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধ লিখেছেন। ২০১১ সাল থেকে সম্পাদনা করছেন ‘স্রোত’ নামে বাংলা সাহিত্য সাময়িকী। কবিতা ও সম্পাদনার জন্য বিভিন্ন সময়ে পুরস্কৃত ও সংবর্ধিত হয়েছেন৷ সম্প্রতি তাঁর ‘যদি দু’টুকরো জেরুজালেম ছুড়ে দাও ঝুলবারান্দা থেকেই’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন অন্যমুখ সাহিত্য সম্মান এবং সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য লালগোলা উৎসবে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন। লেখালেখির পাশাপাশি চিত্র নিয়েও চর্চা করেন।


 


❤ Support Us
error: Content is protected !!