Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ১৬, ২০২৫

গান্ধীর অজানা চিত্রগল্প, প্রতিকৃতির নিলাম লন্ডনে । দর উঠলো ১ কোটি ৭০ লক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
গান্ধীর অজানা চিত্রগল্প, প্রতিকৃতির নিলাম লন্ডনে । দর উঠলো ১ কোটি ৭০ লক্ষ

চিত্রে, ভাস্কর্যে, আলোকচিত্রে মোহনদাস করম চাঁদ গান্ধী ফুটে উঠেছেন বহুবার । কিন্তু জীবদ্দশায় তাঁর প্রতিকৃতি ক্যানভাস বন্দী হয়েছে মাত্র একবারই । এবার সেই চিত্রই ব্রিটিশ নিলাম ঘরে বিক্রি হলো রেকর্ড মূল্যে । লন্ডনের বনহ্যামসে তেলরং-এ আঁকা প্রতিকৃতির দাম উঠলো এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো পাউন্ড । ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা ।

১৯৩১ সালে ব্রিটিশ মার্কিন মহিলা চিত্রকর ক্লেয়ার লেইটন এঁকেছিলেন এই ছবি । মহাত্মা গান্ধী তখন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিতে লন্ডন সফরে । সেই সময় রাজনৈতিক সাংবাদিক বন্ধু হেনরি নোয়েল বেইসফোর্ডের মাধ্যমে গান্ধীর সঙ্গে আলাপ হয় তাঁর । বৃটিশ নিলাম সংস্থার ক্যাটলগে উল্লেখ করা হয়েছে, জীবদ্দশায় এই প্রতিকৃতি আঁকার সময়ই মহাত্মা একমাত্র সময় দিয়েছিলেন । গান্ধীর সঙ্গে একাধিক সিটিং-এ ছবিটি এঁকেছিলেন ক্লেয়ার । ১৯৩১ সালেই লন্ডনের অ্যালবানি গ্যালারিতে প্রথম প্রদর্শিত হয়েছিল ছবিটি । যদি ও সামনে থেকে ছবি কখনোই দেখেননি মোহনদাস । এবিষয়ে তাঁর আপ্তসচিবের একটি চিঠিও রাখা হয়েছে তৈলচিত্রটির সঙ্গে । সেখানে লেখা হয়েছে, ‘মিস্টার গান্ধীর প্রতিকৃতির জন্য একাধিকবার আপনাকে পেয়ে ভালো লেগেছে। ছবিটি কেমন হয়েছে তা দেখার সুযোগ হয়নি । তবে যাঁরা দেখেছেন, প্রত্যেকেই ভালো লাগার কথা জানিয়েছেন ।’

১৯৭৪ সালে আরেকটি প্রদর্শনীতে ছবিটিতে এক অজ্ঞাত পরিচয়ের আততায়ী হামলা চালায় বলে অভিযোগ ওঠে । যদিও তার সপক্ষে কোনো প্রামাণ পাওয়া যায়নি । তবে ছবিটিকে বেশ কয়েকবার রেস্টোর করা হয়েছে, তার প্রমাণ রয়েছে ছবির ফ্রেমে । ১৯৮৯ সালে শিল্পীর মৃত্যুর পর, পারিবারিক সংগ্রহেই রাখা হয়েছিল ছবিটি ।

লন্ডনের নিলাম সংস্থার পূর্ব ঘোষণা অনুসারেই, জুলাইয়ে প্রথমবার নিলামে উঠলো ছবিটি । আয়োজকদের অনুমান ছিল, ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড অবধি দাম উঠতে পারে ছবিটির । তবে নিলামে নির্ধারিত মূল্যের প্রায় তিনগুণ দামে ছবিটি সংগ্রহ করলেন এক চিত্ররসিক ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!