- বি। দে । শ
- জানুয়ারি ৩, ২০২৬
জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকো, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
প্রেসিডেন্টের সাংবাদিক সম্মেলনের মাঝেই হঠাৎ দুলে উঠল মাটি। শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকো। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। কম্পনের জেরে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এখনও পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন একাধিক মানুষ।
ভূমিকম্প শুরু হতেই মেক্সিকো সিটির বহুতল ভবন দুলতে থাকে। অনেক জায়গায় রুফটপ সুইমিং পুলের জল ছিটকে রাস্তায় পড়ে। তীব্র আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, শুরু হয় ছোটাছুটি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ৫০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল আটটা নাগাদ মেক্সিকোর প্রধান বন্দর ও বিচ রিসর্ট শহর আকাপুলকোর কাছে ভূমিকম্পটি আঘাত হানে। সেখান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত মেক্সিকো সিটিতেও কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।
ভূমিকম্পের সময় তড়িঘড়ি বাড়ি ছেড়ে বেরোতে গিয়ে এক ৬০ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এ ছাড়া মেক্সিকো সিটির মেয়র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অন্তত ১২ জন বাসিন্দা আহত হয়েছেন। গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর এবং সংলগ্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে, যদিও কেন্দ্রস্থলের কাছাকাছি থাকা একটি ছোট শহরে ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম।
উল্লেখযোগ্যভাবে, ভূমিকম্পের সময় সাংবাদিক সম্মেলন করছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। কম্পন অনুভূত হতেই তিনি তাৎক্ষণিকভাবে ভাষণ বন্ধ করতে বাধ্য হন। মেক্সিকোর ন্যাশনাল ভূমিকম্প সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
❤ Support Us








