Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২০, ২০২৪

ডেডিস কাপে হার দিয়ে টেনিসজীবনের সমাপ্তি কিংবদন্তী রাফায়েল নাদালের

আরম্ভ ওয়েব ডেস্ক
ডেডিস কাপে হার দিয়ে টেনিসজীবনের সমাপ্তি কিংবদন্তী রাফায়েল নাদালের

ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। ডেভিস কাপের অবিসংবাদিত সম্রাট হিসেবে অভিহিত করলেও কোনও অত্যুক্তি হবে না। দেশের জার্সিতে বরাবরই দাপট দেখিয়ে এসেছেন। গত ২০ বছরে ডেভিস কাপের ম্যাচে তাঁকে কেউ হারাতে পারেননি। সেই নাদালকেই কিনা ডেভিস কাপে জীবনের শেষ ম্যাচ হারতে হল !‌ জীবনের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না কিংবদন্তী এই টেনিস তারকা। হল্যান্ডের বোতিক ফান ডি জানস্কুপের কাছে হারতে হল। স্পেনও ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় আর কোর্টে দেখা যাবে না নাদালকে।

মায়োরকায় নাদালের পেশাদার টেনিস জীবনের শেষ ম্যাচ নিয়ে উৎসাহর অন্ত ছিল না। ঘরের ছেলেকে নিয়ে বাঁধভাঙা উৎসাহ ছিল। কিন্তু বোতিক ফান ডি জানস্কুপের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নাদাল। শুরু থেকেই পিছিয়ে পড়েছিলেন। পরে আর ম্যাচে ফিরতেও পারেননি ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা। শেষ পর্যন্ত ৬–৪ ৬–৪ গেমে হেরে যান। আলকারাজ দ্বিতীয় সিঙ্গেলসে ট্যালন গ্রিকসপুরকে হারান ৭–৬ (৭–০), ৬–৩ গেমে। ম্যাচ জিতে নাদালকে উৎসর্গ করেন আলকারাজ।

দ্বিতীয় সিঙ্গলসে আলকারাজ জেতায় আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল নাদালের। কিন্তু টাই নির্ধারণ ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স জুটি হল্যান্ডের বোতিক ফান ডি জানস্কুপ ও ওয়েসলি কুলহফ জুটির কাছে ৭-৬ (৭–৪), ৭–৬ (৭–৩) ব্যবধানে হারায় কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় নিশ্চিত হয়ে যায়। একইসঙ্গে নিশ্চিত হয়ে যায় টেনিস থেকে নাদালের বিদায়ও। অক্টোবরেই অবসরের কথা ঘোষণা করেছিলেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম জেতা এই টেনিস তারকা জানিয়েছিলেন, স্পেনের হয়ে ডেভিস কাপ খেলার পর প্রিয় টেনিসকে বিদায় জানাবেন।

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন নাদাল। অনেকটা সময় কোর্টের বাইরে থাকার পর এবছর জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন। কিন্তু আবার চোটের কবলে পড়ে ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে। চলতি মরশুমে ফ্রেঞ্চ ওপেনসহ চারটি টুর্নামেন্ট খেলেন। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। এরপর মাত্র দুটি টুর্নামেন্ট খেলেছেন, রোলাঁ গারোতে বাস্তাদ ও অলিম্পিক গেমস। ২৩ বছরের টেনিস জীবনে নাদাল জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম। এর মধ্যে ১৪ বার ফ্রেঞ্চ ওপেন। সব মিলিয়ে নাদাল জিতেছেন ৯২টি শিরোপা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!