- ক | বি | তা রোব-e-বর্ণ
- জুলাই ২, ২০২৩
দুটি কবিতা
রেখাচিত্র: সুচারু
জন্মানোর পাপটুকু নিয়ে
সনাতন অরণ্যে আমি ফিরে যাই
প্রান্তিক নদীর এক তত্ত্ব কথা নিয়ে…
আমাকে ফিরিয়ে দাও আমার বন্য সভ্যতা
স্পন্দমান ঝাউয়ের ছায়ায় ছায়ায়…
চাইনা এই অতি শুদ্ধ আলো
যে বৃত্তের পরিক্রমা পথে সুর তোলে
রাত পাখির গান জন্মানোর পাপটুকু নিয়ে…
সাদা সাদা ক্লীবতা মাখা,
আর অমরত্বের শ্বাস বুনে বানানো
আদিম আকাশ…
সওদা করছে কারা যেন এসে…
অন্তরাত্মা বেচে দেবে আমাদের পৃথিবীর
টেনে নিয়ে মৃত শোকের কব্জি গুল…
আর এ-সব দেখে আমি খুঁজে নিয়েছি পথ
ক্ষিপ্ত আগুনের এক চোরাগলি দিয়ে….

প্রতিচ্ছবি রেখে যায়
সে ফিরে গেছে পাথর আর নীরবতার
পথ বিছিয়ে রেখে….
আত্ম যুক্তিতে কেউ পুঁতে যায় শিকড়
দৃষ্টিহীনভাবে বীক্ষণ করা মালির আবেগে…
আর জাহাজ ডোবা দৃশ্যে
আঁকি-বুকি এমন ঘটনা কোথায…?
ব্যথায় নুয়ে পড়া শুদ্ধতম ধানখেত
ও জলপ্রপাতের মতো নেমে আসা আবেগ
টলোমলো চোখের এলাকা জুড়ে
প্রতিচ্ছবি রেখে যায়…
এক আহত কোনও বিভ্রান্তির…
♦—♦♦—♦♦—♦
❤ Support Us








