Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ৩০, ২০২৬

কোন পরিস্থিতিতে করা যাবে পেলেট বন্দুকের ব্যবহার, কী জানাল সুপ্রিম কোর্ট ?

আরম্ভ ওয়েব ডেস্ক
কোন পরিস্থিতিতে করা যাবে পেলেট বন্দুকের ব্যবহার, কী জানাল সুপ্রিম কোর্ট ?

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পুলিশ পেলেট গান বা ছররা গুলি ব্যবহার করতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে, নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ আন্দোলনের সময় মোতায়েন থাকা র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর কাছে কী ধরনের কার্তুজ ছিল এবং সেগুলির ব্যবহার সংক্রান্ত সমস্ত তথ্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনের সময় নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে ছররা গুলি চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীদের দাবি, জনতা নিয়ন্ত্রণ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার নামে ধাতব ছররা গুলির ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক।

মামলাটি দায়ের করেছেন তিনজন। তাঁদের মধ্যে দু’জনের দাবি, ‘চলো সংসদ’ আন্দোলনের দিন তাঁরা ছররা গুলিতে আহত হন। তৃতীয় মামলাকারী হলেন কেন্দ্রের প্রাক্তন তথ্য কমিশনার এবং অবসরপ্রাপ্ত আমলা যশবর্ধন আজাদ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে আদালত জানায়, পুলিশের কাছে ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের ক্ষমতা রয়েছে এবং এ বিষয়ে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (BPR&D)-এর নির্দেশিকাতেও সেই বিধান রয়েছে।

তবে আদালত স্পষ্ট করেছে, যন্তর মন্তরের আন্দোলনের সময় আদৌ ছররা গুলি ব্যবহার করা হয়েছিল কি না এবং সেই ব্যবহার আইনসম্মত ছিল কি না, তা আদালত বিস্তারিতভাবে খতিয়ে দেখবে।

শুনানির সময় কেন্দ্রের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আন্দোলনের সময় যন্তর মন্তরে মোতায়েন থাকা র‌্যাফের কাছে থাকা সমস্ত কার্তুজের হিসেব ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ করতে হবে, যাতে তদন্ত বা বিচারপ্রক্রিয়ার প্রয়োজনে সেগুলি আদালতের সামনে পেশ করা যায়।

এই মামলার পরবর্তী শুনানিতে আন্দোলনের সময় বলপ্রয়োগের পরিস্থিতি, পেলেট গানের ব্যবহার এবং নিরাপত্তাবাহিনীর ভূমিকা নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!