- দে । শ
- জুন ৯, ২০২৬
কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর; দিল্লিতে নির্মলা-শুভেন্দু বৈঠক
পশ্চিমবঙ্গের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহে দিল্লি সফরের শেষ দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, আর্থিক অগ্রগতি, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের পর অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলির দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা আরও সহজে পৌঁছে দিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে আলোচনায়।
এছাড়াও পশ্চিমবঙ্গে চলমান বিভিন্ন পরিকাঠামো প্রকল্প, আর্থিক উন্নয়ন, শিল্প বিনিয়োগ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন নির্মলা সীতারমন ও শুভেন্দু অধিকারী। রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বৈঠক কেন্দ্র-রাজ্য সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। উন্নয়নমূলক প্রকল্পগুলির গতি বাড়ানো এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করার বার্তাই এই বৈঠক থেকে উঠে এসেছে।
অন্যদিকে, নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে বড়সড় বিনিয়োগের ইঙ্গিত মিলেছে। গত শনিবার রাজ্যে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
রেলমন্ত্রী আরও জানান, রাজ্যে চলমান রেল প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ, প্রশাসনিক সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নে যে জটিলতা রয়েছে, তা দ্রুত মেটাতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্স প্রতি সপ্তাহে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।
পাশাপাশি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, মুখ্যসচিব নিজে প্রতি মাসে বৈঠক করে রেল প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। ফলে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে পশ্চিমবঙ্গে রেল ও পরিকাঠামো উন্নয়নের কাজে নতুন গতি আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।
❤ Support Us







