Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • এপ্রিল ১৯, ২০২৩

মুক্তির অপেক্ষায় ইরফানের শেষ ছবি। ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে দর্শকের আগ্রহ

আরম্ভ ওয়েব ডেস্ক
মুক্তির অপেক্ষায় ইরফানের শেষ ছবি। ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে দর্শকের আগ্রহ

রুপোলী পর্দায় আবার ‘মকবুল’-এর সম্মোহন। তৃতীয় মৃত্যু বার্ষিকীর একদিন আগে মুক্তি পেতে চলেছে ইরফান খান অভিনীত ‘দ্য সঙ অফ স্করপিয়নস’। বুধবার মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতার শেষ ছবির ট্রেলার। সামজিক প্রচার মাধ্যমে প্রকাশিত হতেই তা নিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।ছবির ট্রেলার সামাজিক মাধ্যমে পোস্ট করে ইরফান পুত্র বাবিল খান লেখেন, ভালবাসা, উন্মাদনা এবং বিশ্বাসঘাতকতার এক হৃদয়বিদারক আখ্যানকে সামনে নিয়ে আসা হচ্ছে।

নুরান নামে এক আদিবাসী মহিলার জীবনকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে।কাউকে বিছে কামড়ালে তাঁকে গান শুনিয়ে ব্যথার উপসম করেন। ইরফান রয়েছেন এক উট ব্যবসায়ীর ভূমিকায়। যিনি নুরানের প্রতি প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন। উভয়ের প্রেম কাহিনী সিনেমার মূল বিষয়বস্তু। অনুপ সিং পরিচালিত ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম ও ইরানি অভিনেত্রি গোলশিফতে মারহানি। গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন গাইড খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান ও শশাঙ্ক আরোরা।

ছবিটি ২০১৭ সালেই শেষ হয়েছিল। সে বছর ছবির প্রিমিয়ার হয়েছিল সুইৎজ়ারল্যান্ড লোকার্নো চলচ্চিত্র উৎসবে। তবে ভারতীয় সিনেমাহলে এর আগে মুক্তি পায়নি সিনেমাটি। এ প্রসঙ্গে বলা প্রয়োজন ২০২০ সালের ২৯ এপ্রিল দুরারোগ্য ক্যানসারে মারা যান ‘লাইফ অফ পাই’ খ্যাত ইরফান। তার অকাল প্রয়াণে মুষড়ে পড়েছিলেন ভক্ত ও অনুরাগীরা। মৃত্যুর আগে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আংরেজি মিডিয়াম’ যা দর্শক ও সমালোচক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। ছবির ট্রেলার সামনে আসার পর ইরফান ভক্তদের মধ্যে ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক প্রচার মাধ্যমে অনেকে জানিয়েছেন, তাঁরা প্রথম দিনই ছবিটি দেখতে চান। তবে, যে কৌতূহল তৈরি হয়েছে তাতে টিকিট মিলবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!