- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১, ২০২৬
উন্নয়নের পাঁচালি’ নিয়ে ঘরে ঘরে প্রচার । ২৯৪ বিধানসভা, ৮৪ হাজার বুথে ঝড় তুলতে ৩৮ বিশেষ টিম তৃণমূলের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার অভিযানে নামছে তৃণমূল কংগ্রেস। এই লক্ষ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্ব শতাধিক নেতা–নেত্রীকে দায়িত্ব দিয়েছে, যাঁরা রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে প্রচারের কাজ সমন্বয় করবেন।
দলের পোড়খাওয়া মন্ত্রী থেকে শুরু করে নবীন নেতৃত্ব—প্রত্যেককে অন্তত একটি থেকে পাঁচটি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের মূল কাজ হবে সংশ্লিষ্ট বিধানসভার বুথ স্তরে টানা ও নিবিড় প্রচার কর্মসূচি কো–অর্ডিনেট করা। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভায় থাকা ৮৪ হাজারেরও বেশি বুথে এই প্রচার অভিযান চালানো হবে।
এর পাশাপাশি দলের নেতাদের নিয়ে মোট ৩৮টি আলাদা টিম গঠনের পরিকল্পনা করা হয়েছে বলে তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন। প্রতিটি টিমে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে ব্লক বা টাউন সভাপতিরা থাকবেন। নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী এই টিমগুলিকে প্রচারের দায়িত্ব দেওয়া হবে।
গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা–কর্মীদের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন, সেখানেই এই বিশেষ প্রচার কর্মসূচির প্রাথমিক রূপরেখা তুলে ধরা হয়। তৃণমূলের এক সাংসদের কথায়, “সব টিমের সদস্যদের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এই টিমগুলি নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন ক্ষেত্রের ইনফ্লুয়েন্সারদের কাছে যাবে।”
এই প্রচারের মূল হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছে ‘উন্নয়নের পাঁচালি’ নামে একটি বিশেষ কিট। সেই কিট বিশিষ্ট ব্যক্তি ও ইনফ্লুয়েন্সারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।
তৃণমূল সূত্রে জানা গেছে, রাজ্য স্তরে পরিচিত এমন প্রায় ২০০ জন বিশিষ্ট ব্যক্তি ও ইনফ্লুয়েন্সারের তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি জেলাভিত্তিক স্তরে প্রায় ১,৬০০ জন বিশিষ্ট ব্যক্তির তালিকাও প্রস্তুত রয়েছে। রাজ্য স্তরের পরিচিত ব্যক্তিদের কাছে যাওয়ার টিমে থাকবেন সাংসদ বা মন্ত্রীরা, আর জেলাভিত্তিক পরিচিত বিশিষ্টদের কাছে যাবেন বিধায়ক ও ব্লক–টাউন সভাপতিরা।
তৃণমূলের এক মন্ত্রী জানান, শিক্ষা, শিল্প, সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মধ্যে প্রভাবশালী ভূমিকা পালন করেন—এমন ব্যক্তিদের কাছেও এই টিম পৌঁছতে পারে। উদাহরণ হিসেবে তিনি রাজবংশী সমাজ বা মতুয়া সম্প্রদায়ের কোনও বিশিষ্ট ব্যক্তির কথাও উল্লেখ করেন।
এই পুরো প্রচার অভিযানে একটি ভোটকুশলী সংস্থার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেও জানা গেছে। ওই সংস্থার সদস্যরা তৃণমূলের ৩৮টি টিমের প্রত্যেকটিকে প্রচার কৌশল ও পরিকল্পনা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেবেন। কোন টিমকে কতজন বিশিষ্ট ব্যক্তি বা ইনফ্লুয়েন্সারের কাছে পৌঁছতে হবে, তার বিস্তারিত তালিকা আগামী কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।
এক সাংসদের ব্যাখ্যায়, “সমাজে মতামত গঠনের ক্ষেত্রে এই বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের বক্তব্য ও অভিমত বহু মানুষের উপর প্রভাব ফেলে। সেই কারণেই গত ১৫ বছরে তৃণমূল সরকারের উন্নয়নের বিস্তারিত তথ্য তাঁদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
❤ Support Us







