- স | ফ | র | না | মা
- জানুয়ারি ১৫, ২০২২
দারুন ব্যবস্থা, ভাল লেগেছে’, সাগর স্নানের পর মমতার প্রশংসায় উমা ভারতী
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নানের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপি নেত্রী উমা ভারতী। জানালেন, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বেজায় খুশি তিনি। সূত্রের খবর, চিঠি লিখে গঙ্গাসাগর ভ্রমণের অভিজ্ঞতার কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন উমা।
শুক্রবার দুপুরে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন উমা ভারতী । তিনি জানান, ‘২০১৯ সালে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমি একটি যাত্রা শুরু করেছিলাম। তারপর আমার পা ভেঙে যায় আর পরের বছর করোনা পরিস্থিতি তৈরি হয় । তাই আমার সেই যাত্রা অনেকটাই পিছিয়ে গিয়েছে । গঙ্গোত্রী গোমুখ থেকে মা গঙ্গাকে এনে এবার গঙ্গাসাগরে আমি মেলবন্ধন করলাম। আমি খুব আনন্দিত। মা গঙ্গা সকলকে ভাল রাখবেন। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা কেমন ?
জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করেন উমা। তাঁর কথায়, ‘দারুণ। আমার খুব ভাল লেগেছে।’
করোনা আবহে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অবশ্যই মানতে হবে বলেই বারবার পুণ্যার্থীদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মকর সংক্রান্তিতেও গঙ্গাসাগরে হাতে গোনা কিছু লোকের দেখা মেলে। তবে করোনা আবহে বেড়েছে ই স্নান।মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ‘ই স্নান করেছেন ২৭৮৭৮০ মানুষ, ই দর্শন ২ কোটি ৭৮ হাজার মানুষ, ই পূজা ১ লক্ষ ৬৩৬২ জন আবেদন করেছেন। দুবাই, লন্ডন ও আমেরিকা থেকেও বহু মানুষ ই স্নানের জন্য আবেদন করেন।
❤ Support Us








