- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৬, ২০২৩
“দু’বছরের মধ্যেই দেশ জঙ্গি নকশালপন্থা মুক্ত হবে”, ঘোষণা অমিত শাহের
‘‘আগামী দু’বছরের মধ্যেই জঙ্গি নকশালপন্থাকে দেশ থেকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হবে’’, শুক্রবার দিল্লিতে “জঙ্গি নকশালপন্থী পর্যালোচনা” সংক্রান্ত একটি বৈঠকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে তাঁর ঘোষণা, নরেন্দ্র মোদি সরকারের এক দশকে দেশে নকশালদের তৎপরতা অনেকটাই কমেছে।
দিল্লিতে এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং মাওবাদী উপদ্রুত ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ছিলেন মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রের মুখ্যমন্ত্রীও।
এই বৈঠকেই অমিত শাহ বলেন, ‘‘গত চার দশকের মধ্যে ২০২২ সালেই দেশের মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে সবচেয়ে কম হিংসা এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা মনে করছি, আগামী দু’বছরের মধ্যেই মাওবাদী হিংসা ও তার ফলে মৃত্যুর ঘটনা পুরোপুরি নির্মূল করে ফেলা যাবে।’’
অমিত শাহ পরিসংখ্যান দিয়ে এই বৈঠকে দাবি করেন, ২০১০ সালের তুলনায় ২০২২-এ মাওবাদী হামলা ৭৭ শতাংশ কমেছে। তাঁর দাবি, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে ২০১৫ সালে জঙ্গি নকশালপন্থা দমনে যে “জাতীয় পর্যায়ের নীতি” গ্রহণ করেছিলেন তার সুফল মিলতে শুরু করেছে। তবে দুর্নীতি এবং উন্নয়নের অভাবে প্রত্যন্ত এলাকাগুলিতে মাওবাদী সমস্যা মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন তিনি।
একদিকে যখন অমিত শাহ বলছেন, গত চার দশকের মধ্যে ২০২২ সালে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটেছে, তখন প্রধানমন্ত্রীর মুখে বিভিন্ন জনসভায় মাওবাদী সংগঠন বৃদ্ধির কথা এমন কি আরবান নকশালরা কংগ্রেসের ঠিকা নিয়েছে বলে মন্তব্য শোনা যাচ্ছে।
❤ Support Us







