Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৭, ২০২৬

ভেনেজুয়েলার তেল রফতানিতে এবার মার্কিন নিয়ন্ত্রণ, ট্রুথ-এ জানালেন ট্রাম্প

আরম্ভ ওয়েব ডেস্ক
ভেনেজুয়েলার তেল রফতানিতে এবার মার্কিন নিয়ন্ত্রণ, ট্রুথ-এ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্ট করে জানালেন, ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে আগ্রহী তাঁর প্রশাসন । আগেই এ বিষয়ে ঘোষণা করেছিলেন তিনি । এবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তিকালীন প্রশাসন আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের’ অপরিশোধিত তেল সরবরাহ করবে । এই তেল বাজারদরেই বিক্রি করা হবে এবং সেই বিক্রি থেকে প্রাপ্ত অর্থের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে ।

কেন তিনি তেলের বিক্রির অর্থ নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প । যদিও আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তারা ভেনেজুয়েলা দখল করতে চায় না, তবে ট্রাম্পের একের পর এক ঘোষণায় অনেকেরই ধারণা, লাতিন আমেরিকার এই দেশটির উপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই মার্কিন প্রশাসনের লক্ষ্য ।

ভেনেজুয়েলা থেকে তেল আমদানির বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে চান ট্রাম্প । তিনি জানিয়েছেন, জ্বালানিসচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে । ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, বিশেষ স্টোরেজ জাহাজে করে তেল এনে সরাসরি আমেরিকার বন্দরে নামানো হবে ।

উল্লেখযোগ্য বিষয় হল, ভেনেজুয়েলার কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলভান্ডার । দেশটির সংরক্ষণে প্রায় ৩০ হাজার কোটি ব্যারেল তেল রয়েছে । অনেক বিশেষজ্ঞের মতে, এই বিপুল তৈলভান্ডারই ট্রাম্প প্রশাসনের মূল আকর্ষণ । তাঁদের দাবি, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সেনা অভিযান এবং রাজনৈতিক পটপরিবর্তনের নেপথ্যেও রয়েছে এই তেলভান্ডারের দখল নেওয়ার লক্ষ্য।

নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতায় থাকাকালীন এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব ছিল না বলেই মনে করছেন অনেকে । মাদুরোকে তাঁর বাসভবন থেকে স্ত্রীসহ আটক করে নিয়ে যায় মার্কিন সেনা । বর্তমানে আমেরিকার আইন অনুযায়ী নিউ ইয়র্কের একটি আদালতে তাঁর বিচার প্রক্রিয়া চলছে।

মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেস । তাঁর নেতৃত্বেই এখন দেশটির সরকার পরিচালিত হচ্ছে । তবে এই সরকারের উপর যে আমেরিকার সরাসরি প্রভাব থাকবে, তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প । তিনি জানিয়েছেন, আপাতত ভেনেজুয়েলায় কোনও নির্বাচন হবে না এবং ডেলসি রোড্রিগেসকেও কড়া বার্তা দিয়েছেন ।

যদিও ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে আনা তেল বিক্রি করে যে অর্থ আসবে, তা ভেনেজুয়েলা ও আমেরিকা—দু’দেশেরই কল্যাণে ব্যবহার করা হবে । তবুও তাঁর সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলের একাংশের ধারণা, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই আসলে মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!