Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ৫, ২০২৫

মার্কিন পণ্যে ভারত শুল্ক হ্রাস করলেও অনড় ট্রাম্প প্রশাসন । ২ এপ্রিল থেকে নতুন শুল্ক নীতির ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন পণ্যে ভারত শুল্ক হ্রাস করলেও অনড় ট্রাম্প প্রশাসন । ২ এপ্রিল থেকে নতুন শুল্ক নীতির ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

দ্বিতীয়বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেবার পর থেকেই শুল্কনীতি নিয়ে সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প। চিন, ভারত সহ একাধিক দেশের উপর রফতানি ও আমদানি শুল্ক বাড়ানো হয়েছিল। যা নিয়ে কার্যত শুল্কযুদ্ধ শুরু হয় বিশ্বজুড়ে। চিনও পাল্টা শুল্ক আরোপ করে আমেরিকার উপর। ফেব্রুয়ারিতে মোদি-ট্রাম্পের বৈঠকের পর নয়াদিল্লির তরফে আশা করা হয়েছিল এবার বোধহয় শুল্ক নিয়ে ভারতের প্রতি নরম মনোভাব দেখা যাবে আমেরিকার। কিন্তু মার্কিন কংগ্রেসের বক্তৃতায় প্রেসিডেন্ট আরো কড়া পদক্ষেপের ঘোষণা করলেন। যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ভারত ছাড়াও চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকোর মতো দেশের বিরুদ্ধে শুল্কনীতি নিয়ে তোপ দেগে ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ কয়েক দশক ধরে শোষন করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এটি আর হতে দেবে না। অনেক দেশ আমাদের উপর, আমাদের চেয়ে বেশি শুল্ক আরোপ করে। ভারত আমাদের উপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে। ২ এপ্রিল থেকে পারস্পরিক নয়া শুল্কনীতি কার্যকর করা হবে।’ মজারচ্ছলে তিনি এরপর বলেন, ‘আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে এটি চালু করতে চেয়েছিলাম কিন্তু আমি চাইনি কেউ এটিকে ‘এপ্রিলফুল’ মনে করুক। এটি ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক টাকার মামলা। পারস্পরিক শুল্ক নীতি অনুযায়ী, যে দেশগুলি আমেরিকার রপ্তানি করা দ্রব্যের যে পরিমাণ শুল্ক চাপাবে, আমেরিকাও আমদানিকৃত জিনিসে সে পরিমাণ শুল্ক চাপাবে। এছাড়াও আর্থিক শুল্কের বদলে যদি কোনো দেশ অন্য কোনো বাধা তৈরি করে, ওয়াশিংটনও সে পথেইও হাঁটবে, আমেরিকার বাজার থেকে সে সব রাষ্ট্রকে দূরে রাখবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গড়ে, ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত, মেক্সিকো, কানাডা সহ একাধিক দেশ আমেরিকার আমদানি শুল্কের থেকেও অনেকবেশি শুল্ক নেয় মার্কিন পন্যের উপর। অটোমোবাইল ক্ষেত্রে ভারত প্রায় ১০০ শতাংশ ট্যাক্স নেয়, যা ভীষণ অনৈতিক — দাবি করেছেন ট্রাম্প। আমেরিকায় বিদেশি কৃষি পণ্য আমদানি নিয়ে আজ ট্রাম্প বলেন, ‘যে সমস্ত পণ্যগুলি অন্যান্য দেশ ও সংস্থাগুলি থেকে আসে, সেগুলির গুণগত মান খুব খারাপ। সেসব পণ্যের ইন্সপেকশন হয় না। আমদানিকৃত বহু কৃষিদ্রব্যের ফলে আমেরিকান কৃষকদের ক্ষতি হচ্ছে।’ গত ফেব্রুয়ারিতে, রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন যে তাঁর প্রশাসন শীঘ্রই ভারত ও চীনের মতো দেশগুলির উপর পারস্পরিক শুল্ক আরোপ করতে চলেছে। এবার তা কার্যকর হতে চলেছে।

নিজের ভাষণে এদিন তিনি বলেন, আমাদের পণ্যের উপর চিনের গড় শুল্ক, আমাদের দ্বিগুণ। দক্ষিণ কোরিয়ার গড় শুল্ক চার গুণ বেশি। এদিকে আমরা দক্ষিণ কোরিয়াকে সামরিক ক্ষেত্রে ভাবে নানাভাবে সাহায্য করি। কিন্তু তাঁরা বন্ধুত্বের মর্যাদা দিতে জানেন না। এ ধরণের ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রাপ্য নয়, কখনই ছিল না।’ সম্প্রতি গাড়ি, সেমিকণ্ডাক্টর ও ফার্মা পণ্যের ওপর শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প। এবার এপ্রিলের ২ তারিখ থেকে পারস্পরিক শুল্কের পথে হাঁটতে চলেছে তাঁরা। এরইমাঝে শোনা যাচ্ছে ট্রাম্পের ‘ডানহাত’ বলে পরিচিত ইলন মাস্কের টেসলা নির্মাণ কারখানা শুরু হতে পারে ভারতে। এদিনের ভাষণে ফের একবার বাইডেনকে নিশানা করেন তিনি। ট্রাম্প বলেন, ‘বাইডেনের সময় অর্থনৈতিক ব্যবস্থার অবনতি হয়েছে এবং আমেরিকায় অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। আমরা অভিবাসীদের সমস্যা নিয়ন্ত্রণ করেছি।’ তাঁর দাবি, ‘আমরা ৪৩ দিনে এমন কাজ করেছি যা গত চার বছরে করা সম্ভব হয়নি। ইউএসএআইডি বন্ধ করে দিয়েছি। এখন আমেরিকায় মাত্র দুটি লিঙ্গ থাকবে – পুরুষ এবং মহিলা। আমরা আমেরিকা থেকে তৃতীয় লিঙ্গ নির্মূল করেছি।’

অন্যদিকে, মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। ভারত শুল্ক কমালেও, আমেরিকা যে সে পথে আপাতত হাঁটছে না, ট্রাম্পের নতুন ঘোষণায় তা আরো একবার স্পষ্ট হয়ে গেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!