Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ১, ২০২২

রাশিয়ার জন্য অর্থ বাজার খুলছে ভারত ! চিন আক্রমণ করলে মস্কো বাঁচাতে আসবে না’, নিউদিল্লিকে হুঁশিয়ারি আমেরিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
রাশিয়ার জন্য অর্থ বাজার খুলছে ভারত ! চিন আক্রমণ করলে মস্কো বাঁচাতে আসবে না’, নিউদিল্লিকে হুঁশিয়ারি আমেরিকার

রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বসলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ভারতে এসেছেন সের্গেই লাভরভ। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে লাভরভের সঙ্গে বৈঠকে বসেন জয়শংকর। এই বৈঠকের বিষয়টি টুইট করে জানিয়েছে রুশ বিদেশমন্ত্রকও। বৈঠকে ইউক্রেন যুদ্ধ থেকে অপরিশোধিত তেল আমদানি ও ‘রুবল-রুপি মেকানিজম’ তৈরি নিয়ে দু’ জনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। তাৎপর্যপূর্ণ ভাবে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানে’র পর এটাই রুশ বিদেশমন্ত্রীর প্রথম ভারত সফর। বিশ্লেষকদের মতে, মার্কিন ও পশ্চিমের নিষেধাজ্ঞার মুখে বন্ধু ভারতকে আরও কাছে চাইছে রাশিয়া, বিশেষ করে বাণিজ্য ও তেল রপ্তানির ক্ষেত্রে ভারতের বাজারে নজর রয়েছে মস্কোর।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার জন্য দেশের ‘মানি মার্কেট’ তথা অর্থ বাজার খুলে দিয়েছে ভারত। এর ফলে ভারতের শেয়ার বাজারে লগ্নি করতে বা বন্ড ইস্যু করে টাকা তুলতে পারবে মস্কো । মনে করা হচ্ছে, সস্তায় তেলের পরিবর্তে এটাই পুতিন প্রশাসনের জন্য মোদি সরকারের উপহার। জানা গিয়েছে, সোভিয়েতের পতনের পর থেকে রিজার্ভ ব্যাংকে থাকা একটি অ্যাকাউন্ট ব্যবহার করে ভারতের বাজারে লেনদেন করতে পারবে রাশিয়া। রাশিয়া থেকে অস্ত্র কেনা বাবদ ওই অ্যাকাউন্টের মাধ্যমেই মস্কোকে টাকা দিচ্ছে ভারত।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রায় এক মাসের বেশি সময় ধরে ভয়াবহ যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। এহেন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জব্দ করতে রাশিয়ার উপর একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান-সহ একাধিক দেশ । রাশিয়া থেকে তেল আমদানি করাও বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন । শুধু তাই নয়, রাশিয়ার কয়েকটি ব্যাংককে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ‘সুইফট’ ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়। এরকম পরিস্থিতিতে ভারত-রাশিয়ার সঙ্গে বৈষয়িক লেনদেন শুরু করলে বিষয়টি ভারতের পক্ষে খুব একটা ভালো হবে না বলে মন্তব্য করেছে আমেরিকা। বৃহস্পতিবার ভারতে এসে ডেপুটি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়ার বিরোধিতা না করে ভুল করছে ভারত । বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। রাশিয়া এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক উন্নতি হয়েছে। আর এই সম্পর্কের উন্নতিকে আমেরিকা ভাল ভাবে নেবে না বলে জানিয়েছেন দলীপ সিং।

সম্প্রতি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছিলেন, রাশিয়া এবং চিনের সম্পর্ক ‘শর্তহীন’। সেই কথার রেশ টেনেই দলীপ বলেছেন, ‘চিন যদি ভারত আক্রমণ করে, তাহলে রাশিয়া বাঁচাতে আসবে না।’ বিশ্বে গণতন্ত্র বজায় রাখার উদ্দেশে রাশিয়ার আগ্রাসনকে থামানো দরকার, সেই কারণেই বিভিন্ন নিষেধাজ্ঞা চাপানো হয়েছে ভ্লাদিমির পুতিনের দেশের উপর । এহেন পরিস্থিতিতে ভারতকে কম দামে তেল-সহ অন্যান্য পণ্য কেনার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার ভারতীয় বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠকের পরে মার্কিন উপদেষ্টা বলেছেন, ‘রাশিয়া থেকে ভারতের আমদানির পরিমাণ যদি এখন বৃদ্ধি পায়, তাহলে সেটা মোটেও ভাল ভাবে নেবে না আমেরিকা। আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার প্রতি যা যা নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিধি লঙ্ঘন করা একেবারেই সমর্থন করবে না আমেরিকা।’
কোনও দেশ যেন রাশিয়াকে আর্থিক ভাবে সমর্থন না করে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাই আমরা। যদি কেউ রাশিয়ার পাশে দাঁড়ায়, তাহলে তাদেরও ফলাফলও ভুগতে হবে ।’ যদিও রাশিয়াকে সমর্থনের ফল কী হতে পারে, তা নিয়ে মুখ খুলতে চাননি দলীপ। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বেশিরভাগ অস্ত্র কেনা হয় রাশিয়া থেকে। সেই প্রসঙ্গে আমেরিকা জানিয়েছে, তারা অস্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়াতে রাজি আছে । ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ । তার মধ্যেই এমন কড়া মার্কিন বার্তা পেয়ে অস্বস্তিতে ভারত । যদিও ভারতীয় বিদেশসচিব জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত রাশিয়া এবং ভারতের যা যা বাণিজ্যিক চুক্তি রয়েছে, তা নিয়ে কোনও সমস্যা নেই ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!