- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৫, ২০২৫
উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। নিহত ৮ তীর্থযাত্রী, গুরুতর জখম ৪৩
উত্তরপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে। আহত হয়েছেন ৪৩ জন। এর মধ্যে ১২ জন শিশু। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোরে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে।
আরনিয়া বাইপাসের কাছে বুলন্দশহর–আলিগড় সীমান্তে ভোর ২.১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রী বোঝাই একটা ট্রাক্টর ট্রলির সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। ট্রাকটি পেছন থেকে ট্রাক্টর ট্রলিটিকে ধাক্কা মারে। এর ফলে ট্রাক্টরটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা প্রথমে উদ্ধার কার্যে হাত লাগায় এবং পুলিশকে খবর দেয়। উদ্ধারকারী দল দ্রুত এসে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে পাঠায়।
সিনিয়র পুলিশ সুপার (গ্রামীণ) দীনেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, ‘আরনিয়া বাইপাসের কাছে বুলন্দশহর–আলিগড় সীমান্তে ভোর ২.১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর ট্রলিটিতে ৬১ জন তীর্থযাত্রী ছিলেন। তারা কাসগঞ্জ জেলার রাফাতপুর গ্রাম থেকে রাজস্থানের জহরপীরে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিল। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একটআ বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে। দুর্ঘটনায় ৮ জন মারা গেছেন, ৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১০ জনকে আলিগড় মেডিকেল কলেজে, ১০ জনকে বুলন্দশহর জেলা হাসপাতালে এবং ২৩ জনকে খুর্জার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে। আহত এবং হাসপাতালে ভর্তি ১২ জনের বয়স ১৮ বছরের কম। নিহতরা হলেন ট্রাক্টর চালক ইইউ বাবু (৪০), রামবেতি (৬৫), চাঁদনি (১২), ঘানিরাম (৪০), মোক্ষী (৪০), শিবংশ (৬), যোগেশ (৫০) এবং বিনোদ (৪৫)। তারা সকলেই কাসগঞ্জ জেলার বাসিন্দা। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট শ্রুতি, এসএসপি সিং এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্তারা বৃষ্টির মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে আহত রোগীদের সঙ্গে দেখা করেন। পুলিশ জানিয়েছে যে, হরিয়ানায় নথিভূক্ত ট্রাকটি আটক করা হয়েছে।
❤ Support Us







