Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১২, ২০২৫

‌টেস্ট থেকে অবসর বিরাট কোহলির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌টেস্ট থেকে অবসর বিরাট কোহলির

কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিরাট কোহলি জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। জল্পনা চলছিল, সত্যিই কি লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন কোহলি?‌ রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন সিরিজ। এই অবস্থায় কোহলিও অবসর নিলে সমস্যায় পড়বে দল। বোর্ড কর্তারা কোহলিকে অবসর না নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ উপেক্ষা করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কোহলি। আজ ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেছেন কোহলি।
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে অবসরের কথা ঘোষণা করে কোহলি লিখেছেন, ‘‌টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে, কখনও কল্পনাও করতে পারিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, তৈরি করেছে, আর আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন বহন করব। সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভূতি থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত, যেগুলো কেউ দেখতে পায় না, কিন্তু সেগুলিই সারাজীবন মনে গেঁথে থাকে।’
অবসর ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু কোহলি মনস্থির করেই ফেলেছেন। ইনস্টাগ্রামে কোহলি আরও লিখেছেন, ‘‌এই ফরম্যাট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি, এই খেলাটার প্রতি, যাদের সাথে আমি মাঠ ভাগ করে নিয়েছি এবং প্রতিটি ব্যক্তির জন্য যারা আমাকে পথচলায় সম্মান ও ভালোবাসা দিয়েছেন। আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সব সময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে।’
২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। করেছিলেন ৪ ও ১৫ রান। গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার–গাভাসকার ট্রফিতেও ব্যর্থ। ওই সিরিজে পাঁচ টেস্টে তিনি ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন। সিডনিতে জীবনের শেষ টেস্টেও ব্যর্থ। দুই ইনিংসে করেন ১৭ ও ৬। গত ১৪ বছরে দেশের হয়ে মোট ১২৩টি টেস্ট খেলেছেন। রান করেছেন ৯২৩০, গড় ৪৬.৮৫। সেঞ্চুরির সংখ্যা ৩০টি, হাফ সেঞ্চুরি ৩১টি। সর্বোচ্চ ২৫৪। দেশে হোক কিংবা বিদেশে, সব ধরনের ক্রিকেটে রাজত্ব করেছেন বিরাট কোহলি। তবে টেস্টে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে না পারার আক্ষেপ থেকেই যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!