Advertisement
  • দে । শ
  • জুলাই ৯, ২০২৬

স্বাস্থ্যভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুম, দালালচক্র মুক্ত হবে সরকারি হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বাস্থ্যভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুম, দালালচক্র মুক্ত হবে সরকারি হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে নজরদারি আরও জোরদার করতে স্বাস্থ্যভবনে অত্যাধুনিক কন্ট্রোল রুম চালু করল রাজ্য সরকার । বৃহস্পতিবার এই কন্ট্রোল রুম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পরিদর্শনের পর তিনি জানান, সরকারি হাসপাতালগুলিকে দালালচক্রের প্রভাবমুক্ত করা এবং রোগীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য ।

মুখ্যমন্ত্রী বলেন, অতীতে সরকারি হাসপাতালগুলিতে দালালচক্রের সক্রিয়তার অভিযোগ বহুবার সামনে এসেছে । সেই সমস্যা দূর করতে সরকার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে । তাঁর কথায়, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ । তাঁদের শুধু সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে । পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি ।
কীভাবে কন্ট্রোল রুম থেকে দালালচক্রের বিরুদ্ধে নজরদারি চালানো হবে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, সিসিটিভি নজরদারির মাধ্যমে যদি কোনও ব্যক্তিকে টানা দু’দিন হাসপাতালে ঘোরাফেরা করতে দেখা যায়, তাহলে তার গতিবিধি খতিয়ে দেখা হবে । কারণ, সাধারণভাবে কোনও রোগী পরপর দু’দিন একই ধরনের পরীক্ষা, যেমন আল্ট্রাসোনোগ্রাফি করাতে হাসপাতালে আসেন না । এই ধরনের অস্বাভাবিক উপস্থিতিই দালালচক্রের সদস্যদের চিহ্নিত করতে সাহায্য করবে বলে তাঁর দাবি ।

সম্প্রতি একাধিক সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, হাসপাতালগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, যা প্রশংসনীয় । একই সঙ্গে প্রশাসনিক আধিকারিকদেরও দক্ষ উল্লেখ করে তিনি বলেন, তাঁদের যথাযথ দিকনির্দেশনা দিতে পারলেই স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে ।

স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, নিউ টাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে ২,০০০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে উঠছে, যার উদ্বোধন শীঘ্রই হবে । এই হাসপাতালের ১,০০০টি শয্যা আর্থিকভাবে দুর্বল ও দরিদ্র মানুষের জন্য সংরক্ষিত থাকবে বলে জানান তিনি ।

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তাঁর বক্তব্য, আসন্ন দুর্গাপুজোর আগেই এসএসকেএম হাসপাতালে আরও ২০০ থেকে ২৫০টি শয্যা যুক্ত হবে । একই সঙ্গে সেখানে আইসিইউ বেডের সংখ্যা বর্তমান ১১২ থেকে বাড়িয়ে অন্তত ২০০ করা হবে ।

ট্রমা কেয়ার পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । সম্প্রতি তারাতলার দুর্ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনার সময় বর্তমান ট্রমা কেয়ার ব্যবস্থা পর্যাপ্ত নয় । তাই এমন আধুনিক ট্রমা কেয়ার কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনে এক মিনিটে প্রায় ২৫০ জনকে জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে । এ জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করার নির্দেশ ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!