- প্রচ্ছদ রচনা
- জুন ২৯, ২০২৬
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়ছে রাজ্য
অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) সংক্রান্ত বিল আপাতত বিধানসভায় পেশ করা হচ্ছে না। তার পরিবর্তে প্রথমে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিধানসভা সূত্রে এমনই খবর। ওই কমিটির সুপারিশ ও রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সময়ে বিলটি বিধানসভায় আনা হতে পারে বলে জানা যাচ্ছে।
সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। সেই অধিবেশনেই ইউসিসি-সংক্রান্ত বিল পেশ করা হবে কি না, তা আইন দফতর চূড়ান্ত করবে। বর্তমানে আইন দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। নবান্ন সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকতে পারেন এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একটি বিবৃতি দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সেখানে উচ্চপর্যায়ের কমিটির গঠন, সদস্যদের নাম এবং কাজের রূপরেখা সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।
বৃহস্পতিবার থেকেই বিধানসভায় ইউসিসি বিল পেশ হওয়ার জল্পনা শুরু হয়েছিল। ওই দিন অধিবেশনের প্রথমার্ধে নিজের বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে রাতে একটি দলীয় কর্মসূচিতেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এরপর থেকেই সোমবার বিলটি বিধানসভায় আনা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনায় আপাতত ইতি পড়েছে।
কেন সোমবার বিলটি পেশ করা হচ্ছে না, সে বিষয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, অত্যন্ত সংবেদনশীল এই বিষয়ে আইন প্রণয়নের আগে সব দিক খতিয়ে দেখতে চাইছে সরকার। বিলে যাতে কোনও আইনি বা সাংবিধানিক ফাঁকফোকর না থাকে, সে কারণেই বিশেষজ্ঞদের মতামত নিয়ে আরও সতর্কতার সঙ্গে এগোতে চাইছে রাজ্যের বিজেপি সরকার।
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আগে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নজির বিজেপি-শাসিত অন্যান্য রাজ্যেও রয়েছে। এখনও পর্যন্ত উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমে ইউসিসি চালু হয়েছে। এই তিন রাজ্যেই খসড়া বিল তৈরির আগে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল।
❤ Support Us








