- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৬, ২০২৫
রাজ্যে ২০ লক্ষ এনুমারেশন ফর্ম জমা পড়ল না, চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আরও সুযোগ দিচ্ছে কমিশন
রাজ্যে চলছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারের হাতে তুলে দিয়েছিলেন এনুমারেশন ফর্ম। জমা দেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত প্রায় ২০ লক্ষ এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি। এমন তথ্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত সোমবার নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রায় সাড়ে ১০ লক্ষ এনুমারেশন ফর্ম সংগৃহীত হয়নি। এই ফর্মগুলি জমা না পড়ার কারণ, হয় ভোটারদের অনুপস্থিতি অথবা নকল ভোটার। কেউ কেউ মারা গেছেন, আবার অনেকের স্থায়ীভাবে ঠিকানা বদল হয়েছে। অনেকের আবার একাধিক ঠিকানায় নাম রয়েছে। সেই কারণেই এত বিপুল সংখ্যক এনুমারেশান ফর্ম অসংগৃহীত থেকে গেছে।
রাজ্য নির্বাচন কমিশন দফতরের এক কর্তা বলেন, সোমবার পর্যন্ত প্রায় সাড়ে ১০ লক্ষ এনুমারেশন ফর্ম জমা পড়েনি। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই সংখ্যা ছিল ১৩ লক্ষ ৯২ হাজার। সন্ধেয় সেই সংখ্যাটা দাঁড়ায় প্রায় ২০ লক্ষ। কমিশন সূত্রের খবর, এরমধ্যে কলকাতাতেই প্রায় এক লক্ষ এনুমারেশন ফর্ম জমা পড়েনি।
তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে অনেকটাই নমনীয় হচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভোটাররা এখনও আবেদন করেননি, তারা ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্মের জন্য আবেদন করতে পারেন। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেও আবেদন করার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন না করলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে।
গোটা রাজ্যজুড়ে প্রায় ৮১ হাজারের কাছাকাছি বিএলও কাজ করছেন। সুপারভাইজারের সংখ্যা রয়েছে প্রায় ৮ হাজার, ৩ হাজার সহকারী নির্বাচনী নিবন্ধনকর্তা এবং ২৯৪ জন নির্বাচনী নিবন্ধনকর্তা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত রয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জেলা মিলিয়ে ইতিমধ্যেই ৩০ জনেরও বেশি বিএলও সময়ের আগে কাজ শেষ করেছেন।
❤ Support Us








