- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৬, ২০২৪
তীব্র শৈত্যপ্রবাহ হিমাচলে, শ্রীনগরে তাপমাত্র হিমাঙ্কের নীচে। তুষারপাতে বন্ধ বহু রাস্তা, জারি কমলা সতর্কতা
হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডসহ উত্তর ভারতের বেশ রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। তুষারপাতের কারণে হিমাচল প্রদেশে তিনটি জাতীয় মহাসড়কসহ প্রায় ২২৬টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র তুষারপাতের জন্য উত্তরাখণ্ডের দেরাদুনে তিউনি–চক্রতা–মুসৌরি জাতীয় মহাসড়কের ৩০ কিলোমিটার রাস্তা জুড়ে যান চলাচল বন্ধ।
সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, উত্তরাখণ্ডের ধরনাধর-কোটি কানাসার রাস্তা বরফে ঢেকে গেছে। বহু পর্যটক আটকে পড়েছেন। ভারী তুষারপাতে কারণে জম্মু ও কাশ্মীর বিস্ময়কর জায়গায় পরিণত হয়েছে। তবে স্থানীয় এবং পর্যটকদের জন্য অনেক দুর্দশা বয়ে নিয়ে এসেছে এই তুষারপাত। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস।
হিমাচল প্রদেশে তীব্র শৈত্যপ্রবাহের জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা রাজ্য ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। সপ্তাহ শেষে রাজ্যের কিছু অংশে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া দফতর জানিয়েছেন, ‘২৬ ডিসেম্বর হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্ন এলাকায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।’
তুষারপাতের কারণে হিমাচল প্রদেশে যে ২২৬টি রাস্তা বন্ধ, তার মধ্যে ১২৩টি সিমলায়, ৩৬টি লাহৌল ও স্পিতিতে এবং ২৫টি কুলুতে। রাজ্যে ১৭৩টি ট্রান্সফরমার অচল হয়ে পড়েছে। যার ফলে রাজ্য জুড়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
এদিকে, দিল্লিতে বায়ুর মান আবার নেমে গেছে। গোটা দিল্লিকে ধোঁয়াশা গ্রাস করেছে। বদৃশ্যমানতা হ্রাস পেয়েছে। যার ফলে বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে। এদিন সকাল থেকে ১২টা পর্যন্ত ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৩টি বিমান ছাড়তে দেরি হয়েছে। দিল্লি বিমানবন্দরও খারাপ বাতাসের মানের মধ্যে যাত্রীদের জন্য পরামর্শ জারি করেছে। দিল্লিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর শুক্রবার এবং শনিবার রাজধানীতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
❤ Support Us








