- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ৯, ২০২৫
আস্থার ‘বিল’-এ প্রতারণার অভিযোগ, আত্মসাৎ ৭৭ লক্ষ টাকা। গ্রেফতার আলিয়া ভাটের প্রাক্তন সহকারী
ভুয়ো বিল তৈরি, অভিনেত্রীর স্বাক্ষর সংগ্রহ, আর তার পরেই টাকা গায়েব! অভিনয় জগতে পা রাখার পর থেকে, যাঁকে পাশে রেখেছিলেন ব্যক্তিগত সহকারী হিসেবে, সেই ভরসার মানুষই বিপদ ডেকে আনলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের জীবনে। প্রায় ৭৭ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে।
মহেশ কন্যার অভিযোগ, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত, দীর্ঘ সময়ে বেদিকা নানা রকম জাল বিল তৈরি করে আলিয়ার স্বাক্ষর সংগ্রহ করেন। এরপর বিশাল অঙ্কের টাকা তুলে নেন অভিনেত্রীর প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন লিমিটেড’ এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। জুহু থানার পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে চলতি বছরের ২৩ জানুয়ারি। আলিয়ার মা ও বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ বা বিশ্বাসভঙ্গের অপরাধ, এবং ৪২০ বা প্রতারণা ধারায় মামলা রুজু হয়। তৎপরতার সঙ্গে তদন্তে নামে মুম্বই পুলিশ।
জানা গিয়েছে, ২০২১ সাল থেকে আলিয়া ভাটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন বেদিকা। অভিনেত্রীর দৈনন্দিন সময়সূচি ঠিক করা থেকে শুরু করে আর্থিক লেনদেনের নথি সামলানো—সবই ছিল তাঁর দায়িত্বে। আর সেই আস্থাকেই অস্ত্র করে অভিযুক্ত মহিলা প্রতারণার সুচারু পরিকল্পনা সাজান। তদন্তে উঠে এসেছে নানারকম চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, জাল বিলগুলি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে, সেগুলিকে আসল বলে মনে হওয়া স্বাভাবিক। অভিযুক্ত সহকারী অভিনেত্রীকে জানাতেন, ওই বিলগুলি তাঁর ভ্রমণ, মিটিং বা কাজ সংক্রান্ত খরচের। অপার ভরসা আর বিশ্বাসে আলিয়া নির্দ্ধিধায় সেগুলিতে সই করে দিতেন। এরপরই শুরু হতো আসল খেলা। সে সব বিলের ভিত্তিতে টাকা পাঠানো হত বেদিকার এক বন্ধুর অ্যাকাউন্টে। পরে সেই টাকা পুনরায় ফিরে আসত বেদিকার অ্যাকাউন্টে।
অভিযোগ জমা পড়ার পর থেকেই পলাতক ছিলেন বেদিকা শেঠি। এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। কখনো রাজস্থান, কখনো কর্ণাটক, আবার কখনও পুনে। শেষমেশ তাঁকে বেঙ্গালুরু থেকে পাকড়াও করে পুলিশের বিশেষ দল। ট্রানজিট রিমান্ডে তাঁকে মুম্বইয়ে আনা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে পুরোদমে। এই ঘটনায় রীতিমতো বিস্মিত ও ব্যথিত আলিয়া ও ভাট পরিবার। ঘনিষ্ঠ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে যাঁর উপর এতটা ভরসা রাখা হয়েছিল, তাঁর কাছ থেকে এমন আচরণ মেনে নিতে পারছেন না তাঁরা। তদন্তকারীদের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে তদন্তে। ইতিমধ্যেই তাঁর সহযোগীদের খোঁজ করছে পুলিশ।
❤ Support Us








