- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৯, ২০২৫
লাদাখের ২ অজানা শৃঙ্গ অভিযানে গেল বসিরহাটের ট্রাভেলার্স গিল্ড
লাদাখের ২ অজানা শৃঙ্গ অভিযানে গেল বসিরহাটের ট্রাভেলার্স গিল্ড। সংস্থার ৬৫ বছর উপলক্ষে এই জোড়া শৃঙ্গ অভিযান । ১২ জনের অভিযাত্রী দল ইতিমধ্যে হিমাচল প্রদেশের মান্ডিতে পৌঁছে গেছেন । তাঁরা লাদাখের রূপসু উপত্যকার ২ টি অজানা শিখর অভিযান করবেন। অভিযাত্রীদলে প্রবীনতম সদস্য শান্তিকুমার রায়ের বয়স এখন ৮৫। এই বয়সেও তিনি পর্বতাভিযানে চলেছেন! শান্তিবাবু আবার ট্রাভেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সম্পাদক। তার পরেই বয়স্ক সদস্য হিসেবে অভিযাত্রী দলে রয়েছেন ৬৫ বছরের দেবাশিস পোদ্দার। অন্য তরুণ অভিযাত্রীরা হলেন, দলনেতা সুমন সাহা, জয়ন্ত কুন্ডু, টিঙ্কু বেরা, সৌমেন ঘোষ, বিরাজ মন্ডল, শেখ সাহাবুদ্দিন, তাপস দাস, জয়ধর চৌধুরি, শুভ্রদীপ মন্ডল, নিতাই নস্কর। গত ১৬ আগস্ট জন্মাষ্টমীর দিন দলটি বসিরহাট থেকে রওনা দিয়েছে। ট্রাভেলার্স গিল্ডের সম্পাদক এবং অভিযাত্রী দলের প্রবীন সদস্য শান্তিকুমার রায় জানান, লাদাখের দক্ষিণ পূর্বে অবস্থিত লেহ থেকে রূপসু উপত্যকার দূরত্ব প্রায় ১৩৭ কিলোমিটার। সেখানে অনেকগুলি ভার্জিন পিকের ২ অনামী শৃঙ্গ রয়েছে যার উচ্চতা যথাক্রমে ৬৫৪০ মিটার (২১৪৬০ ফু্ট) ও ৬৩৫৪ মিটার (২০৮৪০ ফুট)। সেই দুটি শিখর অভিযানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। শান্তিবাবু বলেন, ১৯ আগস্ট মানালি থেকে প্রয়োজনীয় অনুমতি সহ অফিসিয়াল কাজ ও রসদ সংগ্রহ করে তাঁরা ২০ আগস্ট ১৫০০০ হাজার ফুটে উচ্চতায় পাং পৌঁছবেন। ২১ আগস্ট গন্তব্য নামলিং পাস। সেখান থেকে ট্রেক করে ১৬৪০০ ফুট উচ্চতায় বেস ক্যাম্প। আবহাওয়া অনুকুল থাকলে ২৬ আগস্ট প্রথম শিখর সামিট করাই লক্ষ্য। ২৭–২৮ আগস্ট দ্বিতীয় শিখর সামিট পর্যন্ত পৌঁছবেন। তিনি বলেন, ২০ দিন সময় লাগার কথা এই সামিটে। উল্লেখ্য, এর আগেও একাধিক দুর্গম অভিযানে গিয়ে সফল হয়েছে বসিরহাটের ট্রাভেলার্স গিল্ড। এবারে সংগঠনের ৬৫ বছর পূর্তিতে বিশেষ অভিযান ২ অনামী শৃঙ্গ অভিযান।
❤ Support Us







