Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রয়াত অলক চট্টোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রয়াত অলক চট্টোপাধ্যায়

ভারতীয় ক্রীড়া সাংবাদিকতার অবিস্মরণীয় ব্যক্তিত্ব, ধ্রুপদী সঙ্গীতের বোদ্ধা অলক চট্টোপাধ্যায় প্রয়াত। শুক্রবার ভোরে, দক্ষিণ কলকাতার গড়ফায়, নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮২ বছর। কিছু দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। রেখে গেলেন স্ত্রী উমা ও একমাত্র কন্যা বনজ্যোৎস্না চট্টোপাধ্যায়কে।

দীর্ঘ কর্মজীবন জুড়ে ক্রিকেটকে কেন্দ্র করে বাংলা সাংবাদিকতায় এক আলাদা স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন অলক চট্টোপাধ্যায়। সরকারি চাকরি ছেড়ে সাংবাদিকতায় স্থায়ীভাবে পা রাখেন, যুক্ত হন আজকাল পত্রিকার সঙ্গে। ‘ইন্ডিয়ান ক্রিকেটার’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘকাল কাজ করেছেন। সহকর্মী, স্বজনদের কাছে তিনি ছিলেন বাকপটু, আমুদে, রসিক অলক দা।  ক্রিকেট ছিল তাঁর প্রাণভোমরা। ধ্রুপদী ক্রিকেটের একছত্র সমর্থক। অজস্র টেস্ট ও ওয়ান-ডে ম্যাচ কভার করেছেন। ১৯৮৭ সালে পাকিস্তানেও ক্রিকেট কভারের জন্য গিয়েছিলেন।

খেলার প্রতি তাঁর নিষ্ঠা শুধু সাংবাদ প্রতিবেদনেই সীমাবদ্ধ ছিল না; ছোটোদের জন্য লেখা ‘এলাটিং বেলাটিং ক্রিকেটিং’, ‘ক্রিকেট মনের মাঠে’-সহ তাঁর বইগুলো সমান জনপ্রিয়। ক্রিকেটের খুঁটিনাটি, মাঠের কৌশল, ব্যাট-বলের দর্শন ও ঈর্ষণীয় ব্যক্তিগত অভিজ্ঞতা সরস প্রাঞ্জলতায় ফুটিয়ে তুলেছিলেন। সঙ্গীত ও সাহিত্যেও ছিল তাঁর গভীর আগ্রহ। ধ্রুপদী সঙ্গীত নিয়ে তাঁর বই, নচিকেতা ঘোষ ও বেগম আখতারের জীবনী, অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের জীবনকথা ‘এমন বন্ধু আর কে আছে’ পাঠক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।

নিখুঁত সম্পাদনায় ক্রীড়া সাংবাদিকতার জন্য পেয়েছিলেন মতি নন্দী পুরস্কার। এছাড়া স্পোর্টস জার্নালিস্টস ক্লাব থেকেও পেয়েছেন সম্মান। লেখক ও সাংবাদিক হিসেবে অলক চট্টোপাধ্যায়ের পরিচয় বহুমাত্রিক। ক্রিকেটের উত্তেজনা, সাহিত্যচর্চা ও মানবিক অন্তর্দৃষ্টিকে সমন্বয় করে তিনি বাংলা সাংবাদিকতায় ও পাঠকসমাজে স্বকীয় স্থান তৈরি করেছেন। তাঁর লেখা, সম্পাদনা ও গবেষণার ছাপ বাংলার ক্রীড়া ও সাহিত্যপ্রেমীদের মনে দীর্ঘদিন উজ্জ্বল হয়ে থাকবে, এ কথা নিঃসংশয়ে বলা যায়। সাংবাদিকতা ও সাহিত্যকে যে সূক্ষ্ম ও মানবিক উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব, তার অনবদ্য স্বাক্ষর হয়ে চিরজাগ্রত হয়ে রইলেন অলক চট্টোপাধ্যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!