- এই মুহূর্তে দে । শ
- মে ২২, ২০২৬
গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ২৬ মে পরবর্তী শুনানি
গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী রক্ষাকবচ বা অন্তর্বর্তী সুরক্ষার আবেদন জানান। বিচারপতি মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ভোটের ফল প্রকাশের পর সমাজমাধ্যমে দিলীপ মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে তাঁকে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।’ বিজেপিকে উদ্দেশ্য করেও প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি সংবাদমাধ্যম।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। এরই মধ্যে গত ১৪ মে সকালে পৈলানে তাঁর বাড়িতে পুলিশ ও র্যাফ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। তল্লাশিতে উঠে আসে বিধায়কের বিলাসবহুল জীবনযাপনের নানা ছবি। বাড়িতে একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা, কাঠের দামি আসবাবপত্র ছাড়াও একটি কৃত্রিম গুহা থাকার খবর সামনে আসে।
তল্লাশি অভিযানের পর থেকেই কার্যত বেপাত্তা হয়ে যান দিলীপ মণ্ডল। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে গত ১৭ মে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডলের খোঁজে বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকায় অভিযান চালান। সেই অভিযানে অর্ঘ্য মণ্ডল-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতেই সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে এবং আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল।
❤ Support Us






