Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৪

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বনগাঁ ও বসিরহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বনগাঁ ও বসিরহাটে

পথের পাঁচালির স্রষ্টা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩১ তম জন্মবার্ষিকী পালিত হল উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বসিরহাটে। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত ,বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মূল অনুষ্ঠানটি হয় বনগাঁর বারাকপুরে বিভূতিভূষণ স্মৃতি ঘাটে। সেখানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সায়ম বন্দ্যোপাধ্যায়, বিভাস রায়চৌধুরি, বনগাঁর মহকুমা শাসক ঊর্মী দে বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বনগাঁ বিভূতিভূষণের জন্মস্থানে দিনটি বর্ণময় উদযাপনে তাঁর সাহিত্য ও কর্মজীবনের নানা দিক নিয়ে আলোচনা করে বিশিষ্টজনেরা। গোপালনগর হরিপদ ইনস্টিটিশন, বনগাঁ উচ্চ বিদ্যালয় ও দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নাচ, গান, কবিতা সহ সাংস্কৃতিক পরিবেশনা সকলকে মুগ্ধ করে। অন্যদিকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম পক্ষের শ্বশুরালয় বসিরহাটের পানিতর গ্রামে দিনটি পালন করা হয়। ইটিন্ডা–‌পানিতর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি সহ এলাকার বিশিষ্ট জনেরা। ভারত–‌বাংলাদেশ সীমান্ত লাগোয়া পানিতর গ্রামে বিভূতিভূষণের প্রথম স্ত্রী গৌরী দেবীর যে বাড়িটি রয়েছে সেখানে লেখকের অনেক স্মৃতি আজও লোকের মুখে মুখে ফেরে। প্রতিবছর দিনটিকে এলাকার মানুষ স্মরণ করেন। কয়েক বছর স্থানীয় পঞ্চায়েতের আয়োজনে অনুষ্ঠান হচ্ছে বটে , কিন্তু তাতে রাজনৈতিক ব্যক্তিদের প্রাধান্যই বেশি লক্ষ্য করা যাচ্ছে। কথাসাহিত্যিকের জন্মদিন পালনের সেই সুর সেখানে অনেকখানি ম্লান হয়ে যায়। তাই এলাকার মানুষের দাবি প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ চর্চাকে প্রাধান্য দিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এখানেও উদ্যোগ নিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!