Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২, ২০২৩

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ৪০ মিনিট বৈঠক রাজভবনে‌। কী কথা হল জানালেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ৪০ মিনিট বৈঠক রাজভবনে‌। কী কথা হল জানালেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজভবন থেকে বেরিয়ে গেলেন ৬টা ৪০ মিনিট নাগাদ। এখানে ৪০ মিনিট রাজভবনে সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘাত ও প্রতিকূল আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতক্ষণের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে বাংলার প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে আজ, সেটা কেউ খোলসা করেননি। যদিও রাজভবন থেকে বেরনোর সময় গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন ভিতরের কথা।

এদিন রাজভবন থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি থামিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। বিজয়ার পর এটা আমাদের সৌজন্য। আমি বিজয়ার শুভেচ্ছা জানালাম। এটা আমাদের ভদ্রতা।’”

শুভেচ্ছা বিনিময়ে ৪০ মিনিট সময় লেগে যাওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়েছে রাজ্যের শাসক বিরোধী শিবিরে।

এই শুভেচ্ছা বিনিময়ের ঠিক একদিন আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রের পাঠানো ১০০ দিনের কাজের বকেয়া টাকা সংক্রান্ত চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন। তার পর দিনই রাজ্যপাল দেখা করার আগ্রহ প্রকাশ করতেই রাজভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর সময় রাজভবনে গিয়েছিলেন কুণাল ঘোষ। রাজ্যপালকে জাগো বাংলার শারদ সংখ্যা ও মিষ্টির প্যাকেট উপহার দিয়েছিলেন। তারপর অষ্টমীর সকালে কুণাল ঘোষের পাড়ার দুর্গাপুজোয়  গিয়েছিল রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদককে পাশে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এর আগে বিজয়া দশমীর পর বিজয়ার শুভেচ্ছা জানিয়ে রাজভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিষ্টি পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও রাজভবনে বিজয়া দশমীর মিষ্টি পাঠানো হয়। তবে এবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে মুখোমুখি বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল বৃহস্পতিবার। প্রসঙ্গত, দুর্গাপুজোর আগে রাজ্যপাল জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আগ্রহী। এখনও রাজ্য-রাজ্যপালের মধ্যে একাধিক ইস্যুতে মতান্তর চলছে। এই আবহেই বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব এবার কাটবে কি না সেটা সময় বলবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!