- এই মুহূর্তে দে । শ
- মে ২৮, ২০২৬
ইস্কনে মুখ্যমন্ত্রী শুভেন্দু
বিজেপি সরকার গঠনের পর এই প্রথমবার মায়াপুর ইস্কনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নদিয়া জেলার মায়াপুরে ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে তাঁর এই সফর ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয় মন্দির চত্বরে। কীর্তনের তালে তাঁকে স্বাগত জানান সাধুসন্ত ও ভক্তরা।
সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে মায়াপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সকাল প্রায় ১১টা নাগাদ তাঁর হেলিকপ্টার নামে মায়াপুরের হেলিপ্যাডে। সেখানে পৌঁছে প্রথমেই সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এরপর সরাসরি যান ইস্কনের গোশালায়।
গোশালায় গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোমাতার সেবা ও খাওয়ানোর কর্মসূচিতেও অংশগ্রহণ করেন তিনি। পরে মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে গিয়ে বিশেষ পুজোপাঠ ও যজ্ঞানুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও সাধুসন্তদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বসেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মায়াপুরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজরকাড়া। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় গোটা মন্দির চত্বরে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সফরের আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। কারণ, চলতি বছরের ফেব্রুয়ারিতে মায়াপুরে ইস্কনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তাঁর সফরসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারীও। ফলে লোকসভা নির্বাচনের আগে এই সফরকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ২১ মে বেলুড় মঠ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং স্বামী বিবেকানন্দের আদর্শের প্রসঙ্গ তুলে শিক্ষা, স্বাস্থ্য, সেবা ও আধ্যাত্মিকতার প্রসারের উপর জোর দেন। বেলুড় মঠ থেকে তাঁকে স্বামীজির বই ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
এবার মায়াপুর ইস্কন সফর থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর রাজ্য রাজনীতির।
❤ Support Us







