- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২, ২০২৫
ডিটাওয়ার আতঙ্কে চেন্নাইয়ে আজ লাল সতর্কতা, স্কুল–কলেজ বন্ধ, শ্রীলঙ্কায় মৃত্যু ৩৩৪ জনের, আরও ত্রাণ পাঠাল ভারত
ঘূর্ণিঝড় ডিটাওয়ার আতঙ্কে ভুগছে তামিলনাডু এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশ। কয়েকদিন আগেই উপকূলভাগে আছড়ে পড়লেও ডিটাওয়ার প্রভাবে এখনও বৃষ্টিপাত অব্যাহত। তামিলনাডুতে আজ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চেন্নাই, তিরুভাল্লুর এবং কাঞ্চিপুরম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা ব্যবস্থা হিসেবে এই তিন জেলায় আজ স্কুল–কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডু সরকার। সোমবার মধ্যরাতে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সোমবার মধ্যরাতে চেন্নাই, তিরুভাল্লুর এবং কাঞ্চিপুরমের জেলা কালেক্টররা সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ‘তীব্র বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার সম্ভাবনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সমস্ত স্কুল–কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কর্তৃপক্ষর তরফ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার, বিনা কারণে বাড়ির বাইরে বার না হোয়ার এবং রাজ্য সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলির জারি করা আরও পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। চেন্নাইয়ের জেলা কালেক্টর রোশনি সিদ্ধার্থ জাগাড়ে ঘোষণা করেছেন যে, আবহাওয়ার সতর্কতার কারণে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ২ ডিসেম্বর বন্ধ থাকবে।
তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ডিটাওয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন। শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত ৩৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী কলম্বোর কিছু অংশ এখনও জলের তলায়। সোমবার, ভারত অপারেশন সাগর বন্ধুর অধীনে শ্রীলঙ্কায় ৫৩ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ঘূর্ণিঝড় ডিটাওয়ার প্রেক্ষাপটে শ্রীলঙ্কায় জরুরি অনুসন্ধান ও উদ্ধার এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ সহায়তা প্রদানের জন্য ভারত ২৮ নভেম্বর ভারত ‘অপারেশন সাগর বন্ধু’ চালু করে।
শ্রীলঙ্কার বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইএনএস বিক্রান্তের চেতক হেলিকপ্টার এবং ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার উদ্ধার অভিযান পরিচালনা করেছে। গর্ভবতী মহিলা, শিশু এবং গুরুতর আহতসহ আটকে পড়া মানুষদের বিমানে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে শ্রীলঙ্কা, ভারত, জার্মানি, স্লোভেনিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, বেলারুশ, ইরান, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিকরা রয়েছেন।
❤ Support Us






