- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ১০, ২০২৫
আউশগ্রামের জঙ্গলে ‘রঘুর’ দাপট । দেব কে দেখতে ভিড় আট থেকে আশির
ঘন জঙ্গল ফুঁড়ে ঘোড়ার খুরের টগবগানি। সবুজের ঘেরাটোপ ভেঙে উদয় ডাকাতদলের। সাঙ্গোপাঙ্গো নিয়ে ডাকাতি করে ফিরছেন ‘রঘু ডাকাত’। দেখলে শিউড়ে উঠবে গোটা শরীর। পূর্ব বর্ধমানের জঙ্গলমহল আউশগ্রামের শাল-পিয়াল-মহুয়ায় ঘেরা ঘন জঙ্গলের মধ্য হঠাৎই ঘোড়া ছোটানোর শব্দ শুনে পিলপিল করে হাজির হচ্ছে এলাকার আট থেকে আশি। ডাকাত সর্দারের মুখ দাড়ি-গোঁফে ঢাকা, মাথায় পেল্লায় পাগড়ি। এই ডাকাত সর্দার আর কেউ নয়। টলিউডের অন্যতম অভিনেতা ও সাংসদ দেব।
কিছুদিন হল শুরু হয়েছে টলিউডের অন্যতম বিগ বাজেটের সিনেমা ‘রঘু ডাকাত’-এর শুটিং। প্রধান চরিত্র রঘু ডাকাতের ভূমিকায় অভিনয় করছেন দেব।সেই সিনেমারই ঘোড়া ছোটানোর দৃশ্যের শুটিং আউশগ্রামের জঙ্গলে, যা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেল, ছবিতে দেব ছাড়াও রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও ইধিকা পাল। ছবিতে দেব অভিনীত রঘু ডাকাত চরিত্রের ঘোড়া ছুটিয়ে ডাকাতি করে ফেরার দৃশ্যের শুট হল এখানেই।
শুধু ‘রঘু ডাকাত’ই নয়, জঙ্গলঘেরা আউশগ্রাম এখন হয়ে উঠেছে অন্যতম একটি শুটিং স্পট। এখানকার আদুরিয়ার ঘন জঙ্গল, কালিকাপুরের ভগ্নপ্রায় জমিদার বাড়ি, মৌখিরার টেরাকোটার মন্দির ও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য যেকোনও সিনেমার শুটিংয়ের ক্ষেত্রে আদর্শ স্পট। কলকাতা থেকে বেশি দূরত্বের নয় বলে অনেক পরিচালকই এখানকার জঙ্গল ও লাগোয়া এলাকাকে স্পট হিসেবে বেছে নিচ্ছেন।
এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান একদিকে যেমন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে, তেমনি পরিচালকদের কাছেও শুটিংয়ের জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে। টলিউড ছাড়াও বলিউড ও দক্ষিণের কয়েকটি সিনেমার শুটিং হয়েছে এখানে।কয়েক বছর আগে আউসগ্রামের এই ঘন জঙ্গলেই শুটিং করে যান মেগাস্টার অমিতাভ বচ্চন থেকে নাসিরুদ্দিন শাহ।
‘রঘু ডাকাত’ নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে বাংলায়।ধনী জমিদার বাড়িতে ডাকাতির আগে আগাম চিঠি পাঠিয়ে ডাকাতি করত ‘রঘু ডাকাত’। কথিত আছে ধনীদের থেকে লুঠ করে সেই টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন । তাই অনেকেই তাঁকে ‘রবিন হুড’-এর সঙ্গেও তুলনা করতেন।
২০২১ সালে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’-এর সিনেমার ঘোষণা হয়েছিল। তখনই সামনে এসেছিল রঘু ডাকাতের চরিত্রে ‘দেব’-র লুক। তারপর থেকেই নানা কারণে থমকে ছিল ছবির শুটিং। দীর্ঘ টানাপড়েনের পর শুরু হয় শুটিং। চলতি বছরেই মুক্তি পেতে পারে রঘু ডাকাত বলে সূত্রের খবর। সেই ছবির একটি দৃশ্যের শুটিং চলছে পূর্ব বর্ধমানের আউসগ্রামের জঙ্গলে।
❤ Support Us








