- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২০, ২০২৫
বাসভবনে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে হেনস্থা, গ্রেফতার এক
সাত সকালেই নিজের বাসভবনে এক ব্যক্তির হাতে চড় খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ‘জনসুনওয়াই’ (জনশুনানি) চলাকালীন এক ব্যক্তি তাঁকে চড় মারেন ও চুল টেনে ধরেন বলে পুলিশ জানিয়েছে। রেখা গুপ্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয়েছে ওই আক্রমণকারীকে। দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা মু্যমন্ত্রীর বাসভবনে ছুটে গেছেন।
জনসাধারণের সমস্যা সমাধান করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী প্রতি সপ্তাহে নিজের বাসভবনে ‘জনসুনওয়াই’ সভায় যোগ দেন। ‘জনসুনওয়াই’ চলাকালীন ৩০ বছর বয়সী এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে এসে তাঁর ওপর আক্রমণ চালায়। ওই ব্যক্তি জনসভায় অভিযোগকারীর ছদ্মবেশে এসেছিলেন। রেখা গুপ্তাকে চড় মারার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ আক্রমণকারীকে ধরে ফেলেন। এরপর তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই ব্যক্তিতে জিজ্ঞাসাবাদ করছে। এরপর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজেপির সিনিয়র নেতা হরিশ খুরানা বলেন, ‘সভায় উপস্থিত একজন ব্যক্তি মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ করেছিল। আক্রমণকারী মুখ্যমন্ত্রীকে চড় মেরেছিল এবং তাঁর চুল টেনে ধরেছিল। এই মুহূর্তে ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করছেন। আমরা এই হামলার নিন্দা জানাই। এই হামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা তদন্ত করা উচিত।’
পুলিশ জানিয়েছে, ‘৩০ বছর বয়সী ওই ব্যক্তি কিছু কাগজপত্র নিয়ে এসেছিল। অভিযুক্ত প্রথমে কাগজপত্র মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হাতে তুলে দেয়। তারপর চিৎকার শুরু করে এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে। তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। সিভিল লাইনস থানায় জিজ্ঞাসাবাদ চলছে।’ পুলিশ জানিয়েছে, ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন এবং ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে দিল্লি কংগ্রেসের প্রধান দেবেন্দ্র যাদব বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী পুরো দিল্লির নেতৃত্ব দেন। আমি মনে করি যে, এই ধরনের ঘটনার যত বেশি নিন্দা করা হবে, তা খুবই কম। কিন্তু এই ঘটনাটি মহিলাদের নিরাপত্তার বিষয়টিও সামনে তুলে ধরে। দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন, তাহলে একজন সাধারণ পুরুষ বা সাধারণ মহিলা কীভাবে নিরাপদ থাকবেন?’
❤ Support Us








