Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১, ২০২৬

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে ঝলসে মৃত কমপক্ষে ৮, গুরুতর জখম ২২

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে ঝলসে মৃত কমপক্ষে ৮, গুরুতর জখম ২২

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনায় অন্তত ৮ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার ভোররাতে, রাজস্থানের দৌসা জেলার কোলয়া থানা এলাকার ধানাওড়া এলাকায় উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস সামনের দিকে চলন্ত ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায়, যার জেরে বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের অনেকেই বেরিয়ে আসতে পারেননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। বুধবার ভোর প্রায় ৩টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সে সময় অধিকাংশ যাত্রী গভীর ঘুমে ছিলেন। আচমকা প্রবল ধাক্কার অভিঘাতে অনেকেই উপরের বার্থ থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরই মধ্যে বাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক যাত্রী প্রাণ বাঁচাতে বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কয়েকজন ভিতরেই আটকে পড়েন। আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

খবর পেয়ে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। তবে স্থানীয়দের অভিযোগ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। তাঁদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়।

এছাড়াও স্থানীয়দের অভিযোগ, বাসটির স্টোরেজ কম্পার্টমেন্টে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট রাখা ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যদিও এ দাবির সত্যতা এখন প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের ট্রেলারের সঙ্গে প্রবল সংঘর্ষের জেরেই আগুন লাগে। একই সঙ্গে তদন্তকারীদের ধারণা, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।

ভয়াবহ দুর্ঘটনার জেরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। ইতিমধ্যেই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!