Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ২৪, ২০২৫

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র প্রয়াত! শেষকৃত্যে পৌঁছালেন অমিতাভ-অভিষেক, শোকজ্ঞাপন করণ জোহরের

আরম্ভ ওয়েব ডেস্ক
বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র প্রয়াত! শেষকৃত্যে পৌঁছালেন অমিতাভ-অভিষেক, শোকজ্ঞাপন করণ জোহরের

কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত। দীর্ঘদিন শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। নভেম্বরের প্রথম দিকে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি থাকার পর বাড়িতে চিকিৎসা চলছিল। এর আগে তাঁর মৃত্যু নিয়ে গুজব রটায় ক্ষুব্ধ হয়েছিল দেওয়ল পরিবার। জানা গেছিল, প্রবীণ অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কিন্তু অগুণতি ভক্তের বুকে শোকের পাথর দিয়ে, সোমবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে।

ধর্মেন্দ্রের মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিরাট শূন্যস্থান রেখে গেল। ৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে প্রজন্মে পর প্রজন্মের প্রিয় হয়ে উঠেছেন। শুধু অভিনেতা নন, প্রযোজক, সেরা মানুষ এবং অমর ‘হি-ম্যান’ হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। ধর্মেন্দ্রের জন্ম লুধিয়ানার একটি গ্রামে। জন্মনাম ধ্রুবেন্দ্র কেভল কৃষ্ণ দেওল। ১৯৫৪ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তিনি হেমা মালিনীর সঙ্গে সংসার শুরু করেন। দুই পক্ষ মিলিয়ে তাঁর সন্তান ৬ জন। সানি দেওল, ববি দেওল, ঊষা দেওল, অহনা দেওল, অজিতা এবং বিজেতা।

ধর্মেন্দ্রের কর্মজীবন শুরু হয় ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ চলচ্চিত্র দিয়ে। এরপর থেকে তিনি ‘ফুল অউর পাত্থর’, ‘মেরা গ্রাম মেরা দেশ’, ‘প্রতিজ্ঞা’, ‘চুপকে চুপকে’, ‘ইয়াদো কি বারাত’, ‘শোলে’, ‘ধরমবীর’, ‘চরাস’, ‘হুকুমাত’, ‘আপনে’ প্রভৃতি অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন। ফিল্মফেয়ার পুরস্কার তিনি সেরা অভিনেতা হিসেবে জেতেন ‘ফুল অউর পাত্থর’, ‘মেরা গ্রাম মেরা দেশ’, ‘ইয়াদো কি বারাত’, ‘রেশম কি দোরি’ সিনেমার জন্য। প্রযোজক হিসেবে তাঁর ‘ঘায়াল’ চলচ্চিত্র জাতীয় পুরস্কারও জিতেছিল। ২০১২ সালে বিনোদন জগতে অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।

৮৯ বছর বয়সেও ধর্মেন্দ্র সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তিনি প্রায়ই নিজের কৃষিকাজের ছবি ও ভিডিও শেয়ার করতেন। ট্রাক্টর চালানো, খামারে কাজ করা, স্বাস্থ্য সচেতন জীবনযাপন এবং সহজ জীবনধারার পরামর্শ দেওয়াই ছিল তাঁর নিত্য কাজ। ধর্মেন্দ্রের শেষ পর্দায় দেখা যাবে ‘ইক্কিস’ চলচ্চিত্রে, যা ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এছাড়া ২০২৪ সালে তিনি ‘তেরি বাতো মেইন আইসা উলঝা জিয়া’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মেন্দ্র অভিনয় শৈলীতে নতুনত্ব আনেন। ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘কিস কিস কি কিসমত’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘জনি গদ্দার’—সবই তার বহুমুখী প্রতিভার প্রমাণ। কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে শোকাহত সিনেমা জগত। করণ জোহর ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘এক যুগের সমাপ্তি… সুপারস্টার, হিরো আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজ বলিউডে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা কখনো পূরণ হবে না।’ কালজয়ী ‘শোলে’-তে ধর্মেন্দ্রের অমর জুটি অমিতাভ শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন বলে সূত্রের খবর।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!