- দে । শ
- জুন ২৯, ২০২৬
তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের আরও ২ প্রাক্তন কাউন্সিলর
ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল ওরফে অনিলকে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেটিয়াবুরুজের ব্যবসায়ী মহম্মদ শাদাব অভিযোগ করেছেন যে, ২০২৩ সালের জুন মাসে শামস ইকবাল ও তাঁর অনুগামীরা তাঁর কাছে প্রায় ৭০ লক্ষ টাকা দাবি করেন। অভিযোগ, টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। অভিযোগকারীর দাবি, টাকা দেওয়ার পরেও তাঁকে বারবার হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনায় শামস ইকবাল ওরফে অনিল ছাড়াও মহম্মদ ফারাজ ওরফে বুন এবং ফিরোদ কুরেশি ওরফে চুরি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে শামস ইকবালকে গ্রেপ্তার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।
শামস ইকবালের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। কাউন্সিলর থাকাকালীন কলকাতা পুরসভায় কোটি টাকা মূল্যের গাড়ি ব্যবহারকে কেন্দ্র করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। বেআইনি নির্মাণ-সহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বাবা মুন্না ইকবালের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে। গার্ডেনরিচে পুলিশকর্মী তাপস চৌধুরী হত্যাকাণ্ডেও তাঁর নাম উঠে এসেছিল।
এদিকে, তোলাবাজির আর একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন পানিহাটির ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস। তাঁর বিরুদ্ধে তৃণমূল সরকারের আমলেই একাধিকবার থানায় অভিযোগ দায়ের হলেও সে সময় কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। সম্প্রতি ভোটের পর তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জয়ন্ত দাসের বিরুদ্ধে খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
❤ Support Us








