Advertisement
  • দে । শ
  • জুন ২৭, ২০২৬

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, প্রো হকি লিগে পাকিস্তানকে ৭–১ ব্যবধানে উড়িয়ে দিল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, প্রো হকি লিগে পাকিস্তানকে ৭–১ ব্যবধানে উড়িয়ে দিল ভারত

প্রথমে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন। প্রো হকি লিগে পাকিস্তানকে ৭–১ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। আগের ম্যাচে লড়াই করলেও এদিন ভারতের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। শুরুতে গোল খেয়ে টানা ৭ গোল করে দুর্দান্ত জয় তুলে নেন হরমনপ্রীতরা।
শুক্রবার লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে অনুষ্ঠিত এফআইএইচ প্রো লিগের এই ম্যাচে প্রথম থেকেই দুই দল আক্রমণাত্মক শুরু করে। ৯০ সেকেন্ডের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল ভারত। মনদীপ সিং প্রথম পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল। কিন্তু সেই পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। অন্যদিকে, পাল্টা আক্রমণের কৌশল নিয়ে পাকিস্তান ১৩ মিনিটে একটা পেনাল্টি কর্নার আদায় করে নেয়। পাক অধিনায়ক আবু বকর মাহমুদ ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে বল জালে পাঠান। এই গোলের সুবাদে প্রথম কোয়ার্টারে পাকিস্তান ১-০ গোলে এগিয়ে যায়।
প্রথম কোয়ার্টারে কিছুক্ষণের জন্য পিছিয়ে পড়ার পর ভারতীয় দল দারুণভাবে খেলায় ফিরে আসে। মনদীপ, সুখজিৎদের একের পর এক আক্রমণে পাকিস্তানের রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দ্বিতীয় কোয়ার্টারে ভারত লম্বা ও নিখুঁত পাসের মাধ্যমে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ১৮ মিনিটে পাকিস্তান বড় ধাক্কা খায়। আলি গাজানফারের একটা পাস সতীর্থ আহমেদ নাদিমের মুখে লাগলে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। ভারতীয় দল এই চাপের সুযোগ নিয়ে ২০ মিনিটে একটা পেনাল্টি কর্নার আদায় করে নেয়। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের শক্তিশালী ড্র্যাগ ফ্লিক সুখজিৎ সিং জালে জড়িয়ে দিয়ে সমতা ফেরান। এরপর ২৬ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত সিং আরও একটা পেনাল্টি কর্নার থেকে সরাসরি টপ লেফট কর্নারে গোল করে ভারতকে হাফটাইমে ২-১ গোলে এগিয়ে দেন।
বিরতির পর ভারত পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে। দ্বিতীয়টি থেকে হার্দিক সিং গোল করে ভারতে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন। দিলপ্রীত ও সুখজিতের নিখুঁত সমন্বয়ে গড়ে ওঠীআ আক্রমণ থেকে যুগরাজ সিংব্যবধান বাড়িয়ে ৪-১ করেন। ৪১ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা সুখজিৎ আরও একটা চমৎকার সুযোগ তৈরি করেন এবং অভিষেককে পাস দেন। অনেকটা দৌড়ে অসাধারণ ফিল্ড গোল করে স্কোর ৫-১ করেন অভিষেক। ৩ মিনিট পরেই ভারতের হয়ে ষষ্ঠ গোল করেন রাজ কুমার পাল। চতুর্থ ও শেষ কোয়ার্টারেও ভারত আধিপত্য বজায় রাখে। ৫৪ মিনিটে দিলপ্রীত সিং সুন্দর ফিল্ড মুভকে গোলে পরিণত করে ভারতের হয়ে সপ্তম গোলটি করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!