Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১, ২০২৪

নির্বিঘ্নেই শেষ দফার ভোট জম্মু ও কাশ্মীরে । ভোট পড়ল ৬৫.‌৬৫ শতাংশ

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বিঘ্নেই শেষ দফার ভোট জম্মু ও কাশ্মীরে । ভোট পড়ল ৬৫.‌৬৫ শতাংশ

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন আজ তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবেই শেষ হল। সন্ধে পর্যন্ত কোনও বিশৃঙ্খলার খবর নেই। এদিন ৭টি জেলায় মোট ৪০টি আসনে ভোটগ্রহন হয়। তিন দফার নির্বাচনে এটাই ছিল সবচেয়ে বড় ভোটপর্ব।
নির্বাচন কমিশনের সূত্র অনুসারে তৃতীয় দফায় ৬৫.‌৬৫ শতাংশ ভোট পড়েছে। সর্বাধিক ভোট পড়েছে সাম্বা জেলায়। এই জেলার ভোটের হার ৭৩.‌৪৫ শতাংশ। উধমপুর জেলায় ভোটের হার ৭২.‌৯১ শতাংশ। সর্বনিম্ন ভোট পড়েছে বারামুল্লা জেলায়। এই জেলায় ভোট পড়েছে ৫৫.‌৭৩ শতাংশ। ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোট পড়েছিল ৬১.‌৩৮ শতাংশ। অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫৭.‌৩১ শতাংশ ভোট পড়েছিল।
তৃতীয় দফার নির্বাচনে উত্তর কাশ্মীরের তিনটি সীমান্ত জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের দিকে কড়া নজর ছিল প্রশাসনের। কড়া নিরাপত্তার মধ্যে এই আসনগুলিতে ভোট হয়। প্রথম দুই দফায় ৮টি তফসিলি উপজাতি সংরক্ষিত আসনে ভোট হয়েছিল। তৃতীয় দফায় একমাত্র তপসিলি উপজাতি সংরক্ষিত আসন গুরেজে ভোট হল। জম্মু ও কাশ্মীরের ৭টি তফসিলি জাতি সংরক্ষিত আসনগুলির সবকটিই জম্মুতে অনুষ্ঠিত। এগুলি হল আখনুর, বিষ্ণা, কাঠুয়া, মারহ, রামগড়, রামনগর এবং সুচেতগড়।
তৃতীয় দফার নির্বাচনে ৪০ লক্ষের কাছাকাছি ভোটার ৪১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। তৃতীয় দফার নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ এবং মুজাফফর বেগ। এছাড়াও বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী ও বিধায়কেরও এদিন ভাগ্য নির্ধারিত হয়েছে। ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের মতো ভোটাধিকার পাওয়া পশ্চিম পাকিস্তানি উদ্বাস্তু, বাল্মীকি সমাজ এবং গোর্খা সম্প্রদায়ের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোরবেলা থেকেই ভোটকেন্দ্রে ভিড় করেছিলেন। এর আগে ২০১৯ ও ২০২০ সালে ব্লক উন্নয়ন পরিষদ এবং জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!