- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ২০, ২০২৬
জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে মিলল আশ্বাস; সংসদ চত্বর থেকে সরলো ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
অবশেষে ককরোচ জনতা পার্টি (ককরোচ)-র মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা । বৈঠকে আন্দোলনকারীদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শুনে তিনি বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন ।
ককরোচের মুখপাত্র সৌরভ দাস এক্স (আগের টুইটার)-এ পোস্ট করে জানান, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর তিনি এবং আশুতোষ রঙ্কা জে পি নাড্ডার বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান । যদিও বৈঠকটি প্রায় ১০ মিনিট স্থায়ী হয় । বৈঠকে তাঁরা একটি লিখিত স্মারকলিপি জমা দেন, যেখানে আন্দোলনকারীদের সমস্ত দাবির কথা উল্লেখ করা হয়েছে।
সৌরভ দাস তাঁর পোস্টে লেখেন, “দু’ঘণ্টার অপেক্ষার পর আশুতোষ আর আমার সঙ্গে জে পি নাড্ডার সাক্ষাৎ হয়েছে । ওঁরই বাড়িতে প্রায় ১০ মিনিট কথা হয়েছে । আমরা একটি চিঠি জমা দিয়েছি, যেখানে আমাদের সব দাবির কথা লেখা রয়েছে । তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ মহলে আলোচনা করবেন ।”
অন্যদিকে, আশুতোষ রঙ্কা জানান, তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে — সমাজকর্মী সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সমস্ত নিট (NEET) পরীক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান । তাঁর দাবি, এই বিষয়গুলি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের জন্য জে পি নাড্ডা কিছুটা সময় চেয়েছেন ।
এদিকে, সংসদ চত্বরের সামনে চলতে থাকা বিক্ষোভ আপাতত শেষ হয়েছে । সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে । বর্তমানে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে ।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস-কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি । একই দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেন ৫৯ বছর বয়সি সমাজকর্মী সোনম ওয়াংচুক । টানা ২১ দিন অনশনের পর পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে ।
হাসপাতাল থেকেই সোমবার সোনম ওয়াংচুক সরকারের উদ্দেশে তিনটি শর্ত দেন । তিনি জানান, সরকারের পক্ষ থেকে যদি তাঁর উত্থাপিত তিনটি শর্তের মধ্যে অন্তত একটি মেনে নেওয়া হয়, তাহলে তিনি আমরণ অনশন প্রত্যাহার করতে রাজি ।
❤ Support Us







