- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৭, ২০২৫
সলমন রুশদির জীবনযুদ্ধ এবার থিয়েটারের মঞ্চে। নাসিরুদ্দিন শাহের হাতে ‘নাইফ’!
নিউ ইয়র্কে সলমন রুশদির উপর ভয়ঙ্কর ছুরি-হামলার ঘটনা এবার মঞ্চে ফুটিয়ে তুলবেন কৌশিক সেন। সালমন রুশদির চরিত্রে অভিনয় করবেন কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ! এই নাটক প্যান-ইন্ডিয়া প্রযোজনা হিসেবে সারা দেশে মঞ্চস্থ হবে, জানিয়েছেন কৌশিক সেন।
২০২২ সালের আগস্ট মাসে নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে মঞ্চে দাঁড়িয়েছিলেন সালমন রুশদি যখন, তখনই এক ব্যক্তি তেড়ে এসে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করে তাঁকে। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এই হামলার পর রুশদি দীর্ঘদিন ভেন্টিলেটরে ছিলেন, ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন। রুশদির উপর এই নির্মম হামলা গোটা বিশ্বের সৃজনশীল মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল। ওই আঘাতে ভারতীয় বংশোদ্ভূত এই সাহিত্যিক গুরুতর আহত হয়েছিলেন, চিরতরে হারিয়েছেন এক চোখের দৃষ্টি । তবে শারীরিক আঘাত তাঁর মনের জোর ভেঙে দিতে পারেনি। নিজের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন অন্তরঙ্গ আত্মকথা, ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার’। ব্যক্তিগত সংগ্রাম, সাহসিকতা এবং অভিজ্ঞতার গল্প। ২০২৪ সালে বইটি প্রকাশিত হবার পরেই পাঠকমহলে সেটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
ওই ঘটনা নিয়েই এবার মঞ্চে নাটক নির্মাণ করতে চলেছেন খ্যাতনামা নাট্য পরিচালক কৌশিক সেন। তাঁর প্রযোজনায় ‘নাইফ’ নামে এক নাটক মঞ্চস্থ হবে, যেখানে সালমন রুশদির চরিত্রে অভিনয় করতে পারেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ নাটকটিতে রুশদির উপর হামলার ভয়াবহতার ছবি ফুটিয়ে তোলা হবে। নাটকের মঞ্চে আলোর মতোই বিচ্ছুরিত হবে, মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো এক গল্পকারের অভিজ্ঞতা আর তাঁর পরবর্তী জীবনের আখ্যান। নাটকের নির্মাণ ও নির্দেশনার দায়িত্বে কৌশিক সেন। নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি নিজেই আর তাঁর পুত্র ঋদ্ধি সেন। তবে নাসিরুদ্দিন শাহ-এর উপস্থিতি এই নাটকের সবচেয়ে বড় আকর্ষণ। অনেকেই জানেন, মঞ্চে তাঁর অভিনয় একেবারে অনন্য। কলকাতার দর্শক তাঁর কালজয়ী অভিনয় বহুবার দেখছে। বিশেষ করে ‘আইনস্টাইন’ নাটকে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে অমলিন। এবার সলমন রুশদির ভূমিকায় তাঁকে দেখতে পাওয়া যাবে।
জানা যাচ্ছে, এই নাটকটি শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকবে না, এটি একটি ‘প্যান-ইন্ডিয়া প্রযোজনা’ হিসেবে তৈরি হবে। নাটকটি মুম্বাই, দিল্লি, হায়দরাবাদসহ দেশের বিভিন্ন প্রান্তে মঞ্চস্থ হবে। নাটকের অংশ হিসেবে অভিনেতা-অভিনেত্রীরাও দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে আসবেন, যা এই প্রযোজনাকে আরও বিশেষ করে তুলবে। কৌশিক সেন জানিয়েছেন, ‘এটি একটি জাতীয় কোলাবোরেশন হবে, যেখানে আমাদের দলটি শুধুমাত্র কলকাতা বা মুম্বাইয়ের নয়, বরং ভারতের অন্যান্য অঞ্চলের প্রতিভাবান শিল্পী ও অভিনেতাদের নিয়ে তৈরি হবে।’। তিনি জানান, ‘নাটকটির উদ্দেশ্য রুশদির সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রতিফলন করা আর তাঁর দৃঢ় আত্মবিশ্বাসের কথা তুলে ধরা । সাহিত্যিক নিজেই বলেন, যে হিংসার উত্তর শিল্পের মাধ্যমে দেওয়া উচিত। এটি সেই শিল্পেরই একটি উদাহরণ।’
কৌশিক সেন আর তাঁদের দল ‘স্বপ্নসন্ধানী’ এই নাটকটি মঞ্চে তুলে ধরতে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত প্রযোজনা, স্ক্রিপ্ট এবং কাস্টিং নিয়ে আলোচনা চলছে। নাসিরউদ্দিন শাহের সালমান রুশদি চরিত্রে অভিনয় প্রসঙ্গে ঋদ্ধি সেন বলেন, ‘নাসির স্যারের সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক। তিনি আমাদের ঘরেও এসেছেন, আমাদের কাজের পর্যালোচনা করেছেন। আমরা তাঁর অভিনয় শৈলীর গুণমুগ্ধ ভক্ত। নাটকটির স্ক্রিপ্ট নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যেই তিনি আগ্রহ দেখিয়েছেন। আমরা আশাবাদী তিনি এই নাটকে অভিনয় করবেন।’ যদি সলমন রুশদি নিজে এ সম্পর্কে কিছু মন্তব্য করেন, তাহলে অবশ্যই এই নাটকের আলোচনা আন্তর্জাতিকস্তরে ছড়িয়ে পড়বে।
❤ Support Us








