- দে । শ
- আগস্ট ৫, ২০২৬
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিতে তিন প্রস্তাব, আকাশবাণীতে আবক্ষ মূর্তি
মহালয়ার ভোর মানেই বাঙালির ঘুম ভাঙে যে কণ্ঠে, সেই কিংবদন্তি বাচিকশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে উত্তর কলকাতার রামধন মিত্র লেনের পৈতৃক বাড়িতে পৌঁছান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি বীরেন্দ্রকৃষ্ণের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের কথা জানান।
মন্ত্রী জানান, এই তিনটি প্রস্তাবের মধ্যে দু’টি এসেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবারের পক্ষ থেকে। প্রস্তাবগুলি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিবেচনার জন্য তুলে ধরবেন বলে জানান।
প্রথম প্রস্তাবটি হল, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার সম্ভাবনা খতিয়ে দেখা। পরিবারের পক্ষ থেকেই এই দাবি জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
দ্বিতীয় প্রস্তাব হিসেবে আকাশবাণী ভবনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি আবক্ষ মূর্তি স্থাপনের কথা বলেন অগ্নিমিত্রা। এ প্রসঙ্গে তিনি বলেন, “ওঁর জীবন আকাশবাণীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আমিও চাই সেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি আবক্ষ মূর্তি বসুক।”
এ ছাড়াও, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উত্তর কলকাতার রামধন মিত্র লেনের পৈতৃক বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করার প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে রাখবেন বলে জানান মন্ত্রী। আজীবন এই বাড়িতেই পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাঁর জীবদ্দশায় এই বাড়িতে বহু বিশিষ্ট ব্যক্তিত্বের আনাগোনা ছিল। সেই ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বের কথা মাথায় রেখেই বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার ভাবনা সামনে এসেছে।
অগ্নিমিত্রা পাল জানান, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম পরিবর্তন, আকাশবাণী ভবনের সামনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবক্ষ মূর্তি স্থাপন এবং তাঁর পৈতৃক বাড়িকে হেরিটেজ ঘোষণা—এই তিনটি প্রস্তাব নিয়েই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
❤ Support Us







