Advertisement
  • Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১১, ২০২৪

কলিঙ্গ জয় অধরা বাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
কলিঙ্গ জয় অধরা বাগানের

একসময় মুম্বই এফসি শক্ত গাঁট ছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। এখন সেই জায়গা নিতে চলেছে ওড়িশা এফসি। ঘরের মাঠে এই দলের বিরুদ্ধে জিতলেও ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি–‌র বিরুদ্ধে জয় এখনও অধরাই থেকে গেল মোহনবাগানের কাছে। এবারও ড্র। শুরুতে পিছিয়ে পরে কোনও রকম হার বাঁচাল সবুজমেরুন ব্রিগেড। ম্যাচের ফল ১-১।

পরপর দুটি ম্যাচে জয় আসেনি। ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে সাফল্যের কথা ভেবেই শুরু থেকেই আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়েছিলেন ওড়িশা কোচ সের্জিও লোবেরা। আক্রমণে রয় কৃষ্ণা, হুগো বুমোস, আহমেদ জাহু। শুরুতেই এগিয়ে যায় ওড়িশা। যদিও সেটা মোহনবাগান ফুটবলারদের ভুলে। ৩ মিনিটের মাথায় বক্সে ভেসে আসা নির্বিষ সেন্টার ব্যাকপাস করেন আশিস রাই। বাগান গোলকিপার বিশাল কাইথ সেই ব্যাকপাস ধরায় রেফারি ক্রিস্টাল জন ৬ গজের বক্সের মাথায় ইনডাইরেক্ট ফ্রিকিক দেন। আহমেদ জাহু বল স্পর্শ করার পর প্রাক্তন মোহনবাগানী হুগো বুমোস জোরালো শট নেন। সবুজমেরুন ফুটবলারদের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।

পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। ৯ মিনিটে সুযোগও এসেছিল। পেত্রাতোসের শট অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দলের পতন রোধ করেন ওড়িশা গোলকিপার অমরিন্দার সিং। ঘরের মাঠে মোহনবাগানের ওপর ঝাঁপিয়ে পড়েন রয় কৃষ্ণা, হুগো বুমোসরা। তবে মোহনবাগান রক্ষণ ঘাড়ে চেপে বসার সুযোগ দেয়নি। প্রতি আক্রমণে উঠে এসে সমতা ফেরানোর চেষ্টা করছিলেন ম্যাকলারেন, পেত্রাতোসরা।  এতে আত্মবিশ্বাস বাড়ে বাগানের। অবশ্য ৩৬ মিনিটে সমতা ফেরায়। পেত্রাতোসের কর্নারে মনবীরের জোরালো হেড অমরিন্দারের হাতে লেগে জালে জড়িয়ে যায়।

সমতা ফেরাতে সক্ষম হয় মোহনবাগান(‌১–‌‌১)‌। কোচ মোলিনার নিয়মিত সেট পেস অনুশীলনের ফসল এই গোল। এটা তাঁর দলের অন্যতম সেরা অস্ত্র।

দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণে খেলা দারুন জমে ওঠে। ৫৯ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ওড়িশার সামনে। আহমেদ জাহুর পাস থেকে জোরালো শট নিয়েছিলেন পুটিয়া। বল বারে লেগে ফিরে আসে। ৭৩ মিনিটে আহমেদ জাহুর ফ্রিকিক থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন অময়। দারুন সেভ করেন গোলকিপার বিশাল। শেষদিকে মনবীর ও ম্যাকলারেনের  জায়গায় সাহাল ও কামিংসকে নামিয়েও জয় আসেনি মোহনবাগানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!