Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১২, ২০২৫

নবান্ন- নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে, মুখ্যসচিবকে তলব ইসির

আরম্ভ ওয়েব ডেস্ক
নবান্ন- নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে, মুখ্যসচিবকে তলব ইসির

ভোটের কাজে নিয়ম ভাঙার অভিযোগে নির্বাচন কমিশন যে চারজন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল, তা এখনই মানছে না রাজ্য প্রশাসন। চার অফিসারের বিরুদ্ধে এফআইআর কিংবা সাসপেনশনের মতো কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য , পরিবর্তে ভোটের কাজ থেকে ২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ পন্থ। আর এই চিঠি পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে দিল্লি ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন।

নবান্ন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে হাজির হতে তলব করা হয়েছে। মুখ্যসচিবকে তলব করে নির্বাচন কমিশনের তরফে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক নোটিসও। ওই নোটিসে বলা হয়েছে, আগামিকাল বিকেল পাঁচটার মধ্যে মুখ্যসচিবকে দিল্লিতে কমিশনের মুখোমুখি উপস্থিত হতে হবে।

ঘটনার সূত্রপাত, বারুইপুর পূর্ব (১৩৭) বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশ করে কমিশন। ওই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা নিজেদের ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটরদের কিছু গোপন নথি দিয়ে নাম নথিভুক্তিকরণের কাজ করতেন। পরে সেই নাম ভোটার হিসেবে ভোটার তালিকায় উঠে যেত। দিল্লির নির্বাচন কমিশন এই অভিযোগ পাওয়ামাত্রই রাজ্যকে পদক্ষেপ করার নির্দেশ দেয়। সরকারি কাজে অনিয়মের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে বলে জাতীয় নির্বাচন কমিশন। সাসপেন্ডের নির্দেশও দেওয়া হয় ওই চারজনকে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯৫০ সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। তা নিয়ে নবান্ন ও কমিশনের মধ্যে লাগাম ছাড়া সংঘাত তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে গলা ছাড়েন। কোনও আধিকারিককে শাস্তি পেতে দেবেন না বলেই জানিয়ে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্য সচিবকে তলব করে জাতীয় নির্বাচন কমিশন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!