Advertisement
  • দে । শ
  • জুলাই ৩০, ২০২৬

অবৈধ অনুপ্রবেশ নিয়ে আদালতের কড়া ভর্ৎসনা । নিশানায় কোন রাজ্য ?

আরম্ভ ওয়েব ডেস্ক
অবৈধ অনুপ্রবেশ নিয়ে আদালতের কড়া ভর্ৎসনা । নিশানায় কোন রাজ্য ?

দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত বেআইনি অনুপ্রবেশের বিষয়টি নিয়ে এবার কড়া পর্যবেক্ষণ করল কর্নাটক হাই কোর্ট। একটি মামলার শুনানিতে কর্নাটকের কংগ্রেস সরকারের পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত মন্তব্য করেছে, বেআইনি অনুপ্রবেশকারীদের কোনওভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের প্রবণতা দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

মামলাটি দায়ের করেছিলেন এক চিকিৎসক। তাঁর অভিযোগ, তিনি একজন বেআইনি অনুপ্রবেশকারীকে শনাক্ত করতে পুলিশকে সহযোগিতা করেছিলেন। তাঁর দাবি, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই বেঙ্গালুরু পুলিশ এক বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে। এরপর তিনি বিষয়টি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (FRRO) জানান।

কিন্তু অভিযোগ, সহযোগিতা করার পরেও পুলিশ তাঁকে সাহায্য করার পরিবর্তে উল্টো তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করে। ওই এফআইআর করা হয় সংশ্লিষ্ট অনুপ্রবেশকারীর করা অভিযোগের ভিত্তিতে বলে দাবি করেন চিকিৎসক।

মামলার শুনানিতে কর্নাটক হাই কোর্টের বিচারপতি এম নাগপ্রসন্ন এফআইআর দায়েরের সময় নিয়েও প্রশ্ন তোলেন। আদালতের সামনে উঠে আসে, ওই চিকিৎসক সকাল সাড়ে ১১টা নাগাদ বেআইনি অনুপ্রবেশকারীর বিষয়ে কর্তৃপক্ষকে জানান। এর মাত্র ১৫ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ১১টা ৪৫ মিনিটে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এই ঘটনায় বিচারপতি নাগপ্রসন্ন মন্তব্য করেন, এত অল্প সময়ের মধ্যে এফআইআর দায়ের হওয়া স্বাভাবিক নয় এবং বিষয়টি প্রতিহিংসামূলক বলেই মনে হচ্ছে। আদালতের বক্তব্য, যদি কোনও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকারি ব্যবস্থাই বেআইনি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ায়, তাহলে তা আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে।

কর্নাটক হাই কোর্ট আরও বলেছে, এই ধরনের আচরণের কারণেই বেআইনি অনুপ্রবেশকারীরা দেশে থেকে যাওয়ার সাহস পায়। আদালতের মতে, কোনও সরকারি ব্যবস্থা যদি এমন ব্যক্তিদের উৎসাহিত করে, তাহলে তা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

বিচারপতি নাগপ্রসন্নের পর্যবেক্ষণ, বেআইনি অনুপ্রবেশের মতো গুরুতর বিষয়ে প্রশাসনের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি বলেন, যদি পুলিশই এ ধরনের ব্যক্তিদের সমর্থন করে, তাহলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, বেআইনি অনুপ্রবেশকারীদের কোনও ধরনের প্রশ্রয় দেওয়া বন্ধ করা জরুরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!